ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারী বৃষ্টির পর একটি অবৈধ স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উদ্ধারকারী দলের এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সোমবার টানা ভারী বৃষ্টিতে পাশের নদীর পানি বেড়ে উপচে পড়ে। সেই পানি খনিতে ঢুকে পড়লে ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন।
স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।
উদ্ধার অভিযান চালাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে উদ্ধারকর্মীদের। খনির গর্তগুলো সরু এবং প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) গভীর। সেখানে আলোও কম। এছাড়া পথ ও মাটি পিচ্ছিল হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
দেশিয়ানা বলেন, “মাঠের পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, সোমবার খনিতে পানি ঢোকার আগেই ১১ শ্রমিক নিরাপদে বেরিয়ে আসেন।
তিনি আরও জানান, গত মঙ্গলবার খনিতে শ্রমিক আটকে পড়ার খবর কর্তৃপক্ষ পায় ।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র পরিসরে এবং অবৈধভাবে খননকাজের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দেশটির খনিজ সম্পদগুলো এমন সব দুর্গম এলাকায় অবস্থিত যে সেখানে কর্তৃপক্ষের পক্ষে নজরদারি চালানো বেশ কঠিন।
স্থানীয় সংবাদমাধ্যম দেতিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বোগোরেরই পৃথক একটি এলাকায় প্রায় ৩০টি অবৈধ স্বর্ণের খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে একই এলাকার আরেকটি অবৈধ স্বর্ণের খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছিল।
ওই অঞ্চলে স্বর্ণ উত্তোলন কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রীয় খনি সংস্থা ‘অ্যান্টাম’ জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে আর সেটি তাদের কার্যক্রমের অংশ ছিল না।



