ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় যোগকার্তা শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর ১৫৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দেশটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যোগকার্তা পুলিশের মুখপাত্র নোভিতা একা সারি জানান, সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ১৫৪ জনকে আটক করা হয়েছে।
জাতীয় পুলিশপ্রধান সুয়ুদি আরিও সেতো বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।
সুয়ুদি বলেন, “ইচ্ছাকৃতভাবে ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল কি না, কিংবা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।”
পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে অন্তত ১০০ বিক্ষোভকারী যোগকার্তার পার্লামেন্ট ভবনের কাছে জড়ো হন। এ সময় তারা ভবন লক্ষ্য করে পটকা নিক্ষেপ করে এবং পাথর ও পেট্রোলবোমা ছোড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কৌশলগত যানবাহন মোতায়েন করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে ছয়টি পেট্রোলবোমা ও ১২টি পটকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, ভয়াবহ দাবানল মোকাবিলায় ব্যর্থতা এবং মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ হয়। রাতে যোগকার্তায় সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
এর আগে, সকালে যোগকার্তার গভর্নরের কার্যালয়ের কাছে কয়েকশ মানুষ জড়ো হয়ে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। দিনের শেষভাগে সংঘর্ষ শুরুর আগেই ওই বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে।
এদিকে, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়াতেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। দাবানল ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে তারা প্রতিবাদ জানান।



