Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বর্ণ-রুপার দামে বড় পতন

মন্দাভাব থাকলেও সার্বিকভাবে দাম স্থিতিশীল 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

মার্কিন ডলারের দর বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশের আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। নীতিনির্ধারকেরা সুদের হার আরও বাড়ানোর পক্ষে আছেন কি না, সে বিষয়ে স্পষ্ট হতে মূলত এই কার্যবিবরণীর জন্য অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে স্বর্ণ বিনিয়োগ নিয়ে ধীরেসুস্থে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (৭ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯৮% কমে প্রতি আউন্স ৪ হাজার ১২২ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৯১% কমে ৪ হাজার ১৪৯ ডলারে নেমেছে।

নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাউম বলেন, ‘‘স্বর্ণের বাজারে কিছুটা মন্দাভাব থাকলেও সার্বিকভাবে দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।’’

তিনি বলেন, ‘‘ফেডের কার্যবিবরণী প্রকাশ হলে তাদের মুদ্রানীতি এবং সুদের হার আরও বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের ভাবনা স্পষ্ট হবে। তাদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সুদের হার বাড়তে পারে। পরবর্তীতে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার, ডলারের মান কিংবা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের দামে কোনো পরিবর্তন এলে তা স্বর্ণের বাজারে প্রভাব ফেলবে।’’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ২% কমে ৬০ দশমিক ৩৬৩৮ ডলার, প্ল্যাটিনামের দাম ৩% কমে ১ হাজার ৬৫০ দশমিক ৪৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭% কমে ১ হাজার ১৪০ দশমিক ৮৯ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

   

About

Popular Links

x