জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ এবং সরবরাহ ব্যবস্থায় নানা জটিলতার কারণে আগস্টে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরের পর গত আগস্টেই খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্য পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় এফএও। সংস্থার খাদ্য মূল্যসূচক অনুযায়ী, আগস্টে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের গড় মূল্য দাঁড়িয়েছে ১৩৩.৩ পয়েন্টে। জুলাইয়ের সংশোধিত ১৩০.৮ পয়েন্টের তুলনায় এটি বেশি।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে তীব্র দাবদাহ ও খরা, সম্ভাব্য এল নিনোর প্রভাব এবং ইউক্রেন-ইরান যুদ্ধের কারণে বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এসব কারণে কৃষিপণ্যের বাজারে অনিশ্চয়তা বাড়ার পাশাপাশি খাদ্যপণ্যের দামও তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, “খাদ্যপণ্যের এই মূল্যবৃদ্ধি বাজারে ঝুঁকি ফিরে আসার একটি সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় ব্যাঘাতের কারণে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে।”
আগস্টে খাদ্যশস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে। ইউরোপের প্রতিকূল আবহাওয়ার কারণে ভুট্টা ও বিট থেকে চিনি উৎপাদন এবং গবাদিপশু পালনে নেতিবাচক প্রভাব পড়েছে। একইসঙ্গে সম্ভাব্য এল নিনোর প্রভাবে এশিয়ায় পাম তেল ও চিনি উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশ থেকে শস্য সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে সার সরবরাহও সংকটে পড়েছে।
খাদ্যপণ্যের মধ্যে আগস্টে খাদ্যশস্যের মূল্যসূচক আগের মাসের তুলনায় ২.২% বেড়েছে। এতে সূচকটি ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভোজ্যতেলের মূল্যসূচক বেড়েছে ০.৬%, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।
অন্যদিকে চিনির মূল্যসূচক ১১.৯% বেড়ে ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
এদিকে পৃথক এক প্রতিবেদনে এফএও জানিয়েছে, ২০২৬ সালের বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাস জুলাইয়ের হিসাব থেকে ৩.৪ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২.৯৮০ বিলিয়ন টন করা হয়েছে। নতুন এ পূর্বাভাস ২০২৫ সালের তুলনায় ২% কম। এটি ২০১৮ সালের পর বৈশ্বিক শস্য উৎপাদনে সবচেয়ে বড় বার্ষিক পতন।



