জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে মতবিরোধের জেরে শেষ পর্যন্ত কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। বিভক্ত হয়ে পড়া বিশ্বে আন্তর্জাতিক কূটনীতির সীমাবদ্ধতা আরও স্পষ্ট করে দিয়েছে এবারের সম্মেলনের ব্যর্থতা।
সোমবার (২৩ নভেম্বর) শেষ পর্যন্ত কোনো চুক্তি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জলবায়ু আন্দোলনকর্মীরা।
এর আগে, রবিবার (২২ নভেম্বর) নির্ধারিত সময়ের চেয়ে দুই দিন বেশি আলোচনা চলার পর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশগুলোকে জীবাশ্ম জ্বালানিকে ‘ডাইনোসরের যুগে পাঠিয়ে দেওয়ার’ আহ্বান জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তি না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে বিদায়ী জাতিসংঘ মহাসচিব বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় সরকারগুলো যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সবাই আশা করেছিল, তা না হওয়ায় তাদের গভীর হতাশার সঙ্গে আমিও একমত।”
প্রায় ২০০টি দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করেও ব্যর্থ হন কপ৩১ সম্মেলনের আলোচনা-সমন্বয়ক ক্রিস বোয়েন। তিনি স্বীকার করেন, বিভিন্ন দেশের এমন কিছু অবস্থান ও শর্ত ছিল, যার মধ্যে সমঝোতার কোনো সুযোগ ছিল না।
অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী বোয়েন সাংবাদিকদের বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্র নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। এটি হতাশাজনক। সত্যিই অত্যন্ত হতাশাজনক।”
সম্মেলন শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৪৯ ঘণ্টারও বেশি সময় পর কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম হাতুড়ি ঠুকে দীর্ঘ আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সংস্কারের দাবি জোরালো
ইউরোপ থেকে নেপাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত একের পর এক দুর্যোগের মধ্যে সম্মেলন থেকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখানোর চাপ ছিল। এ পরিস্থিতিতে বোয়েন এমন একটি সামগ্রিক চূড়ান্ত ঘোষণাপত্র তৈরির চেষ্টা করেছিলেন, যার মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলোর ঐক্য ধরে রাখার বিষয়টি প্রমাণ করা যায়।
কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের সময়সীমা নিয়ে পুরোনো মতবিরোধ আবারও সামনে আসায় তাঁর উদ্যোগ ভেস্তে যায়। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার গতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সৌদি আরবের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।
তেল উৎপাদনকারী দেশগুলো চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়টি উল্লেখ করতে বাধা দিলে আলোচনা কার্যত থমকে যায়।
ইইউর আবর্তনশীল সভাপতিত্বের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, “আমরা এমন কোনো চূড়ান্ত ঘোষণাপত্র সমর্থন করব না, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথাই উল্লেখ থাকবে না। জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকেও আমরা মেনে নেব না।“
পানামা, ভানুয়াতু ও মার্শাল দ্বীপপুঞ্জও প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে। শেষ পর্যন্ত চুক্তির উদ্যোগ ভেস্তে যাওয়ায় কপ৩১ ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জলবায়ু আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আল গোর বলেন, “মুষ্টিমেয় কয়েকটি তেলসমৃদ্ধ দেশের জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ উল্লেখ করার ক্ষেত্রেও ভেটো দেওয়ার ক্ষমতা থাকা অত্যন্ত আপত্তিকর।”
প্রত্যাশা পূরণে ব্যর্থ সম্মেলন
গত এপ্রিল মাসে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে প্রথমবারের মতো আয়োজিত একটি সম্মেলনে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। কপ৩১ সম্মেলনেও কয়েকটি দেশ কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধে নিজস্ব পরিকল্পনা তুলে ধরে।
সমঝোতার শেষ চেষ্টা হিসেবে সম্মেলনের সহ-আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া চূড়ান্ত ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানির বিষয়ে পরোক্ষভাবে একটি উল্লেখ রাখার চেষ্টা করে। তবে চূড়ান্ত প্রস্তাবে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি।
অন্যদিকে, কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান চূড়ান্ত চুক্তিতে বহাল থাকায় সমালোচনার মুখে পড়ে প্রস্তাবটি। এই প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ করা হয়। তবে এটি ব্যয়বহুল প্রযুক্তি এবং জীবাশ্ম জ্বালানি শিল্পের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এর ব্যবহার সম্প্রসারণের পক্ষে প্রচার চালানো হচ্ছে।
সৌদি আরবের জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, ‘আমরা মনে করি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব ধরনের সমাধানের পথই খোলা রাখা প্রয়োজন।’
জীবাশ্ম জ্বালানির বিষয়টি চূড়ান্ত চুক্তিতে স্পষ্টভাবে না থাকায় সমালোচনার মুখে পড়ে তুরস্ক ও অস্ট্রেলিয়া বিশ্ব অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের একটি লক্ষ্য নির্ধারণে সমর্থন আদায়ের চেষ্টা করে।
তাদের যুক্তি ছিল, অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ালে তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো সম্ভব হবে এবং জ্বালানি নিরাপত্তাও শক্তিশালী হবে। তবে শেষ পর্যন্ত প্রস্তাবিত ‘আন্তালিয়া চুক্তি’র সঙ্গে এ উদ্যোগও ভেস্তে যায়।
প্যারিস চুক্তির লক্ষ্য নিয়েও হতাশা
বিভিন্ন দেশ বলেছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্যারিস চুক্তির লক্ষ্যকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে।
উন্নয়নশীল দেশগুলো জলবায়ু মোকাবিলায় ১২০ বিলিয়ন ডলারের অর্থায়নের একটি লক্ষ্য নির্ধারণের দাবি জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হওয়া চুক্তি থেকে সেই অর্থায়নের প্রস্তাবও বাদ পড়ে যায়।



