Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

জলবায়ু সম্মেলনে ফিলিস্তিনিদের স্বদেশে ফেরার আকুতি

চাবি এবং জলপাই গাছের মাধ্যমে সেখানে তুলে ধরা হয়েছে তাদের হারানো স্বদেশ এবং বাস্তুচ্যুতির বেদনা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

তুরস্কের আনতালিয়া শহরে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যু আনফাশ এক্সপো সেন্টারের গ্রিন জোনে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী প্রদর্শনীর। দেয়ালে ঝোলানো একটি প্রতীকী চাবি এবং জলপাই গাছের চিত্রকল্পের মাধ্যমে সেখানে তুলে ধরা হয়েছে ফিলিস্তিনিদের হারানো স্বদেশ, দশকের পর দশক ধরে চলা বাস্তুচ্যুতির বেদনা এবং নিজ ভূমিতে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা।

‘হোপ অব রিটার্ন: আল-আওদা- দ্য স্টোরি অব দ্য অলিভ ট্রি’ বা ‘ফেরার আশা: জলপাই গাছের গল্প’ শীর্ষক এই প্রদর্শনীটি আয়োজন করেছে তুরস্কের বিভিন্ন পেশাজীবী সংগঠন। সম্মেলনে আগত বিভিন্ন দেশের প্রতিনিধি, সাংবাদিক ও পরিবেশকর্মীদের সামনে ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয় ও পরিবেশগত ধ্বংসযজ্ঞের ইতিহাস তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিসহ কয়েকটি সংগঠন এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে, যেখানে আনাদোলু এজেন্সির আলোকচিত্রীদের তোলা ৬৩টি স্থিরচিত্র স্থান পেয়েছে।

এক্সপো সেন্টারের গ্রিন জোন থেকে ব্লু জোনের প্রবেশপথ পেরিয়ে ফোয়ারার পাশেই এই প্রদর্শনীর অবস্থান। সেখানে দেখা যায়, দর্শনার্থীরা সারি ধরে বসে এক ক্যালিগ্রাফি শিল্পীর কাছ থেকে হাতে লেখা নান্দনিক ক্যালিগ্রাফিতে নিজেদের নাম-ঠিকানা লিখিয়ে নিচ্ছেন, আর পাশ থেকে ভেসে আসছে বিষাদমাখা সুর।

প্রদর্শনীর প্রবেশপথের বাঁ পাশের দেয়ালে স্থান পেয়েছে মূল প্রতিপাদ্য, জলপাই গাছ ও ঘরের চাবি। ফিলিস্তিনের হারানো মানচিত্রের আদলে তৈরি চাবিটি হারানো ঘর ও স্বদেশে ফিরে যাওয়ার প্রত্যয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত জলপাই গাছের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ফিলিস্তিনিদের কৃষি, ভূমি, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা স্মৃতির সম্পর্ক এবং টিকে থাকার লড়াই।

ভেন্যুর ভেতরে বড় পর্দায় দেখানো হচ্ছে গাজায় যুদ্ধের ধ্বংসযজ্ঞ, হতাহত মানুষ এবং ধ্বংস হওয়া অবকাঠামো ও পরিবেশের চিত্র। দেয়ালে টাঙানো হয়েছে ফিলিস্তিনি শিল্পীদের আঁকা স্বাধীনতার আকাঙ্ক্ষার ছবি। পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে গাজায় নিহত ও আহত শিশুদের ব্যবহৃত খেলনা, ছেঁড়া স্যান্ডেল, ভাঙা সাইকেল, রক্তমাখা জামাকাপড় ও ছেঁড়া বইসহ নানা স্মৃতিচিহ্ন, যা বিভিন্ন দেশের প্রতিনিধিদের গভীরভাবে নাড়া দিচ্ছে। দর্শনার্থীরা ডিজিটাল পর্দায় নিজেদের অনুভূতি ও মন্তব্যও লিখে রাখছেন।

প্রদর্শনীর স্বেচ্ছাসেবী তুরস্কের নাগরিক মোয়াম্মার কারামা জানান, ১৯৪৮ সালে বাস্তুচ্যুত হওয়ার সময় অনেক ফিলিস্তিনি পরিবার জীবন বাঁচাতে নিজেদের বাড়ির দরজায় তালা দিয়ে চাবি সঙ্গে নিয়ে স্বদেশ ছেড়েছিলেন। তাদের বিশ্বাস, একদিন অন্যায় আগ্রাসন বন্ধ হবে এবং সেই চাবি নিয়েই তারা বা তাদের পরবর্তী প্রজন্ম নিজেদের ভিটায় ফিরতে পারবেন।

পরিসংখ্যানে আরও উঠে এসেছে, গাজায় ২০ লাখ জলপাই গাছ এবং প্রায় ৯১ শতাংশ প্রাচীন বৃক্ষ ও সবুজ এলাকা ধ্বংস হয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সেখানে দুই লাখ টন বিস্ফোরক ফেলা হয়েছে, যার ধ্বংসক্ষমতা হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার সম্মিলিত ধ্বংসক্ষমতার ১৩ গুণেরও বেশি। বোমা হামলায় গাজার পানি ও নাগরিক সেবাব্যবস্থার মাত্র ৩ শতাংশ এখন টিকে আছে।

   

About

Popular Links

x