হঠাৎ কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে উপস্থিত মাত্র এক শিক্ষার্থী!

এসময় শিক্ষকদের জবাবে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় শিক্ষামন্ত্রীকে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।

শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে উপস্থিত শিক্ষকদের তিনি, “আমার স্টুডেন্টরা (ছাত্র) কোথায়?” বলে প্রশ্ন করলে জবাবে শিক্ষকরা  শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন।

ওই শিক্ষক জানান, কলেজটিতে মোট ১৫ জন ছাত্রী রয়েছে। তবে তারা আসে না।

একপর্যায়ে আরেক শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের ক্লাসে আসতে অনীহা রয়েছে। তাদের ফোন করে ক্লাসে আনতে হয়।”

এসময় অসন্তোষ প্রকাশ করে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।