মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হয়। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী ও বিদায়ী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘‘আজ ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা পয়সায় সেখানে পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ান সরকারের সহযোগিতায় আবারও শ্রম রপ্তানি শুরু করা সম্ভব হয়েছে।’’ এ জন্য তিনি মালয়েশিয়ান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, কর্মীদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ- উভয়ের জন্যই লাভজনক হবে। সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের নানাভাবে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি। বিশেষ করে বিদেশে কর্মক্ষেত্রে ভাষাকে একটি বড় বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যেই বিদেশগামী কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিদেশে আপনাদের প্রত্যেককে বাংলাদেশ হিসেবেই চিনবে। আপনাদের দিয়েই তারা বাংলাদেশকে বিচার করবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। কর্মীরা যেসব কোম্পানিতে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলে নিয়োগদাতারা আরও বাংলাদেশি শ্রমিক নিতে উৎসাহিত হবেন এবং বাংলাদেশের মানুষের প্রতি তাদের আস্থা তৈরি হবে।’’

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি এই সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান তিনি।