আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে শরীয়তপুরের জাজিরা গোলচত্বরে বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
রবিবার (২৯ নভেম্বর) ভোর থেকে টোল প্লাজায় গাড়ির চাপ বাড়তে থাকে। একপর্যায়ে যানবাহনের সারি টোল প্লাজা ছাড়িয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত পৌঁছে যায়।
পদ্মা সেতুর দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সেতুতে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যানবাহন পারাপার চালু রয়েছে।
তিনি বলেন, “সেতুর অপরপ্রান্তে গিয়ে যাতে সমস্যা না হয়, এজন্যই আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অনুরোধে সাময়িক সময়ের জন্য মাওয়া টোল প্লাজা বন্ধ রাখা হয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ভোরে জাজিরা গোলচত্বরে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এ সময় সেখানে থাকা বিএনপির একটি ক্যাম্পে আগুন দেওয়া হয়। পরে সেতুতে অবরোধ সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।



