গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি শারমিন সুলতানা শর্মির (৪৪) প্রতিবন্ধী বড় ছেলে নিসর্গ হোসেন তূর্যর (১৫) মৃত্যুতেও প্যারোলে মুক্তি মেলেনি তার। প্যারোলের আবেদন মঞ্জুর না হওয়ায় স্বজনেরা ছেলের মরদেহ কারাগারে নিয়ে যান। সেখান থেকেই ছেলেকে শেষ বিদায় জানান মা।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী ফ্রিজিং ভ্যান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা মেনে বন্দি মাকে ছেলের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। এ সময় মা-ছেলের শেষ সাক্ষাতের দৃশ্যে কারাগার প্রাঙ্গণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়; উপস্থিত স্বজন ও দায়িত্বপ্রাপ্ত অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
শারমিন সুলতানা শর্মি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি রাজধানীর লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
কারাবন্দি শারমিন সুলতানা শর্মির স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী এবং শারীরিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সে ওয়াশরুমে যায়। দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তূর্যকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিপুনের ভাষ্য অনুযায়ী, তূর্য জন্মের পর থেকেই মায়ের হাতে খাওয়াদাওয়াসহ সবকিছু করত। গত ৪ অক্টোবর গভীররাতে লালবাগ থানা পুলিশ বাসা থেকে শারমিন সুলতানা শর্মিকে আটক করে এবং পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠায়। মা গ্রেপ্তার হওয়ার পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার সঠিক পরিচর্যার অভাব দেখা দেয়। নিপুনের দাবি, আটকের আগ পর্যন্ত তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না; ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে।
কারাগার থেকে বের হয়ে শারমিন সুলতানার ছোট বোন শাম্মী বলেন, “প্যারোলে মুক্তি অবশ্যই চেয়েছি। কিন্তু কারা কর্তৃপক্ষ বাধ্যবাধকতার কথা বলেছে; রাষ্ট্রের আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপত্তার কারণে তারা দেবে না বলে জানিয়েছে।” তার দাবি, শারমিন ২০২২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় নন এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মায়ের সেবা ও দেখাশোনার অভাবেই তূর্য মারা গেছে বলে অভিযোগ করেন তিনি। মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে বোনকে ছেলের মরদেহ দেখতে দেওয়া হয়েছে বলেও জানান শাম্মী।
শারমিন সুলতানার মা অভিযোগ করেন, তার মেয়ে কোনো অপরাধ করেননি; রাতে বাসা থেকে তাকে ধরে নেওয়া হয়েছে। তার ভাষায়, মেয়ের দুই সন্তানই বিশেষ চাহিদাসম্পন্ন। ছেলেটির মস্তিষ্কে একাধিক অস্ত্রোপচার হয়েছিল এবং সে মায়ের জন্য কাঁদত। ওয়াশরুমে গিয়ে স্ট্রোক করে পড়ে গেলে দরজা ভেঙে তাকে বের করা হয় বলে জানান তিনি।
গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বলেন, বন্দি শারমিন সুলতানা শর্মির ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে আসেন স্বজনেরা। পরে কারাবিধি মেনে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।
কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল সাংবাদিকদের জানান, এক নারী বন্দির সন্তান মারা যাওয়ায় মরদেহ দেখানোর জন্য জেলগেটে আনা হয়েছিল। মানবিক দিক বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়।



