মিছিলে যাওয়ার পথে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলে অংশ নিতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ভোর সাড়ে ৫টার দিকে তারা সেখানে সমবেত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা-পুলিশের একটি দল গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা সাতটি মোটরসাইকেল ও ২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আশরাফুল ইসলাম (২২), সোহাগ (২৩), সাব্বির আহমেদ (২০), সাদের হাসান (১৮), রাকিবুল ইসলাম রবিন (২২), রবিউল আকন্দ (২৫), রাজু (২৪), রিফাত (২৬), ইমন শেখ (২০), হানিফ (২২), মাহাবুব (১৮), নাহিদ হাসান (১৮), মনজু (২১), মাহিত (১৮) ও রব্বানী (১৮)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলে অংশ নিতে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে যাচ্ছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে হোতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।