গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকরা কাজে ফিরেছেন। মজুরি বৃদ্ধির দাবিতে চলতি মাসের অর্ধেকের বেশি সময় ধরে আন্দোলনের পর অধিকাংশ কারখানায় শুক্রবারসহ টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।
এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ড সর্বনিম্ন ১৭ হাজার টাকা বেতন নির্ধারণ করে নতুন বেতন কাঠামো ঘোষণা করে।
শুক্রবারের সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। তাদের সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। এ সময় কয়েকজন শ্রমিককে নতুন ন্যূনতম মজুরি নিয়ে ইতিবাচক আলোচনা করতে শোনা যায়। বিশেষ করে নারী শ্রমিকরা নতুন বেতন কাঠামোকে সুন্দর ও কার্যকর বলে মন্তব্য করেছেন।
তবে শ্রমিক আন্দোলনের সময় গাজীপুর শিল্পাঞ্চলের যেসব ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেগুলো এখনো খোলার নোটিশ দেয়নি কর্তৃপক্ষ।
কাজে যোগ দেওয়া শ্রমিকরা বলছেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন মজুরি ঘোষণা করেছে। তাদের কাছে এই মজুরি কাঠামো গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই আন্দোলন না করে কাজে যোগ দিয়ে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে মালিকপক্ষকে সহযোগিতা করা উচিত। টানা আন্দোলনের কারণে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হয়েছে। এখন কাজে মনোযোগ দিয়ে মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। এ জন্য আর আন্দোলন না করতে শ্রমিক প্রতিনিধি ও সহকর্মীদের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা।
অন্যদিকে, শনিবার সকালে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকার নোমান শিল্প গ্রুপের নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেডের সামনে জড়ো হন ৪০০ থেকে ৫০০ শ্রমিক। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শুক্রবার (২৭ নভেম্বর) থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে শ্রমিকেরা কারখানাটি খুলে দেওয়ার দাবি জানান।
একপর্যায়ে তারা পাশের স্টারলিং গ্রুপের লায়লা স্টাইলস কারখানার ফটকে ধাক্কাধাক্কি করেন। এতে কর্তৃপক্ষ সকাল ৯টার দিকে ওই দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ওই এলাকার জিএম ফেব্রিক্স, ইপিলিয়ন, আম্বার টেক্সটাইল ও হাবিতুস গার্মেন্টসও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিক্ষোভকারী শ্রমিকরা পরে আম্বার টেক্সটাইলের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) সাইফুল ইসলাম বলেন, তাদের কারখানায় প্রায় ১০,০০০ শ্রমিক কাজ করেন। গত বুধবার (২৫ নভেম্বর) শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বেরিয়ে যান। পরদিন তারা আবার কারখানায় এসে বিভিন্ন দাবি জানান।
সাইফুল ইসলাম বলেন, “শ্রমিকদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়া হয়েছিল। এরপরও তারা কাজে যোগ দেননি। শ্রমিক প্রতিনিধিদের (পিসি মেম্বার) সহায়তায় তাদের বোঝানোর চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।”
তিনি আরও বলেন, “শনিবার সকালে ৪০০ থেকে ৫০০ শ্রমিক কারখানার সামনে এসে সেটি খুলে দেওয়ার দাবি জানান। শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হননি।”
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, শিরিরচালা, বাঘের বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আসপাডা, আনসার রোড ও বেড়াইদেরচালা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, এসআরবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।



