সাভার ও আশুলিয়ায় একরাতে ৩ বাসে আগুন

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব বাসে অগ্নিসংযোগ করা হয়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

ঢাকার সাভার ও আশুলিয়ার এক রাতে বিভিন্ন এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা অবস্থায় ৩টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব বাসে অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসগুলোর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ঘটনাগুলো নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “রাতে বলিভদ্র ও নরসিংহপুর এলাকায় সড়কের পাশে দাড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। এর মধ্যে রাত দেড়টার দিকে বলিভদ্র এবং ভোর সাড়ে ৪টার দিকে নারসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

অন্যদিকে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ভোর ৩ টা ১৫ মিনিটের দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নির্বাপণ করে।

এসব ঘটনার সাথে জড়িতদের শনাক্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসিরা।