নাটোরে বিএনপি নেত্রীর বাড়ির সামনে দুটি দোকান ও রেললাইনে আগুন দেওয়ার ঘটনার পর এবার জুলাই ছাত্র আন্দোলনের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে মুখোশধারী এক যুবক।
আগুন জ্বলে উঠতেই তাকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে চারটার দিকে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় ভবানীগঞ্জ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পেয়ে তারা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এছাড়া গত ১৯ নভেম্বর ভোর সাড়ে চারটার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় বিএনপি নেত্রী নাসিমা হকের বাড়ির সামনে দুটি দোকানঘরে আগুন দেওয়া হয়। এতে দোকানঘর দুটি পুড়ে যায়। তবে ওই ঘটনায় মূল বসতবাড়ি বা পরিবারের সদস্যদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শিশির আহমেদ বলেন, “বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। কারা এবং কীভাবে জুলাই ছাত্র আন্দোলনের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে, তা জানার পর বিস্তারিত জানাবেন।”
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজন যুবক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”



