টানা এক মাসের চেষ্টার পর কক্সবাজারের ইনানী এলাকার গভীর নলকূপে জ্বলে ওঠা গ্যাসকূপের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে সারফেসের বিভিন্ন পয়েন্টে জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলা হয়।
বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অপারেশন, যা সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন কূপটিকে নিরাপদ করে পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
বাপেক্স জানায়, কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত একটি ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। ফলে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং আগুন ধীরে ধীরে নিভে যায়। এভাবেই দীর্ঘদিন ধরে চলা আগুন নিয়ন্ত্রণে আনার অপারেশন সফল হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন শুরু হচ্ছে কূপটির পরবর্তী কারিগরি কার্যক্রম। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে প্রয়োজনীয় মাড (ড্রিলিং মাড) ব্যবহার করা হবে, যা কূপের চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফলভাবে ১,০০০ ফুট পর্যন্ত খনন শেষ করা গেলে কূপটির ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের ভারসাম্য স্থাপন করা হবে। এরপর প্রয়োজনীয় মাড ব্যবহার করে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার কাজ করা হবে। এর মাধ্যমে কূপটিকে নিরাপদ অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু বলেন, “কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে।”
তিনি আরও জানিয়েছেন, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল সার্ভে এবং সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের কারিগরি কর্মকর্তারা।
বাপেক্স ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, মান, উপাদান এবং সম্ভাব্য বাণিজ্যিক মূল্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এসব তথ্য ভবিষ্যতের অনুসন্ধান পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাপেক্সের কর্মকর্তা রকিবুল হাসান জানান,গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্যাসের গুণগত মান এবং ভবিষ্যৎ অনুসন্ধানের সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। দীর্ঘ এক মাসের এই কারিগরি চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারায় বাপেক্সের প্রকৌশলী ও কারিগরি দলের প্রতি সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেছে। এখন সবার নজর পরীক্ষার ফলাফল এবং পরবর্তী অনুসন্ধান কার্যক্রমের দিকে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ করে ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস উদ্গীরণ শুরু হয়। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্পার্কের কারণে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর থেকে প্রায় এক মাস ধরে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে আগুন জ্বলতে থাকে।
ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বিভিন্ন ধাপে গ্যাসের চাপ কমানো, নিরাপত্তা বেষ্টনী তৈরি, বিশেষ যন্ত্রপাতি স্থাপন এবং কারিগরি বিশ্লেষণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত শুক্রবারের সফল অপারেশনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
দীর্ঘদিন ধরে আগুনের তাপ, ধোঁয়া এবং নিরাপত্তা ঝুঁকির কারণে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। অনেকেই ঘটনাস্থলের আশপাশে যেতে ভয় পাচ্ছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তারা। তবে বাপেক্স বলছে, আগুন নিভে গেলেও কাজ এখনও শেষ হয়নি। কূপটিকে সম্পূর্ণ নিরাপদ করা, ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণ, গ্যাসের প্রকৃতি নির্ধারণ এবং ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। তাই আগামী কয়েকদিনও ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল কাজ চালিয়ে যাবে।



উখিয়ায় ২৪ ঘণ্টাতেও নেভেনি ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে লাগা আগুন