সাইবার নিরাপত্তা এখন আর কেবল প্রযুক্তিগত উদ্বেগের বিষয় নয়। এটি নির্ধারণ করে ব্যবসা কীভাবে পরিচালিত হবে, মানুষ কীভাবে ডিজিটাল সেবার ওপর আস্থা রাখবে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো কীভাবে টিকে থাকবে। সাইবার হুমকির ধরন পরিবর্তনের সাথে সাথে প্রতিষ্ঠানগুলোকে আরও দ্রুত নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করতে ও তা সমাধান করতে হচ্ছে। প্রতিষ্ঠানগুলো যেন কম শ্রম ব্যয়ে এই কাজগুলো করতে পারে, সেজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশন ব্যবহার করে এমন সব টুল তৈরি করছে এক্সাইলার।
এক্সাইলারের প্রতিষ্ঠাতা জুবায়ের আল নাজি জাবিন এক দশক ধরে সাইবার নিরাপত্তা খাতে কাজ করছেন। তিনি বিটডিফেন্ডার এবং আজিয়াটায় সিকিউরিটি অটোমেশন ও পেনেট্রেশন টেস্টিং কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। তিনি গুগল, ফেসবুক, উবার ও ইয়াহুসহ বিশ্বজুড়ে ৫০০টিরও বেশি প্রতিষ্ঠানের সিস্টেমের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছেন। এছাড়া তিনি অ্যাপলের পণ্যে একাধিক ‘জিরো-ডে’ দুর্বলতা খুঁজে বের করেন, যার মধ্যে একটি ফোর্বস এবং দ্য হ্যাকার নিউজের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পায়। অফেনসিভ সিকিউরিটি বা আক্রমণাত্মক নিরাপত্তা নিয়ে কাজের অভিজ্ঞতাই এক্সিলার তৈরির মূল ভাবনা গড়ে দিয়েছে। কোনো সাইবার নিরাপত্তার কোনো দুর্বলতা খুঁজে বের করা কেবল প্রথম ধাপ; নিরাপত্তায় নিজুক্ত কর্মকর্তাদের অবশ্যই তা সমাধান করতে হবে এবং সমাধানটি ঠিকমতো কাজ করছে কি না তা যাচাই করতে হবে।
বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে বৈশ্বিক পর্যায়ে একটি ডিপ-টেক প্রতিষ্ঠান গড়ে তোলা, এআই-নির্ভর সাইবার নিরাপত্তার ভবিষ্যৎ, যেখানে মানুষের নিজস্ব বিচারবুদ্ধি এখনও অপরিহার্য এবং বাংলাদেশের তরুণরা কীভাবে এই খাতে ক্যারিয়ার গড়তে পারে, এসব বিষয় নিয়ে ঢাকা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন জুবায়ের আল নাজি জাবিন।
ঢাকা ট্রিবিউন: অফেনসিভ সিকিউরিটিতে আপনার অভিজ্ঞতা কীভাবে এক্সাইলার এর ভিশন গড়ে তুলেছে?
জুবায়ের আল নাজি জাবিন: অফেনসিভ সিকিউরিটিতে কাজ করতে গিয়ে আমি শিখেছি, কোনো সিস্টেম নিজেকে কতটা সুরক্ষিত বলে দাবি করছে, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন এ্যাটাকার বাস্তবে সেই সিস্টেমে কী করতে পারে, তা পরীক্ষা করা। বড় বড় প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা শনাক্ত করার অভিজ্ঞতা আমাকে আরও একটি বিষয় বুঝিয়েছে। পর্যাপ্ত সম্পদ ও প্রযুক্তি থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠানের নিরাপত্তার টুলস, প্রক্রিয়া এবং অ্যাপ্লিকেশনের বাস্তব প্রয়োগ এর মধ্যে ব্যবধান থেকে যায়।
তবে একটি ভালনারেবিলিটি খুঁজে বের করা কাজের একটি অংশবিশেষ মাত্র। সাইবার সিকিউরিটি প্রফেশনালদের সেই ঝুঁকি বুঝতে হবে, কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করতে হবে এবং শেষ পর্যন্ত সেটির সমাধান করতে হবে। এক্সাইলার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি মূলত এই ব্যবধানটি দূর করতে চেয়েছি।
সাইবার সিকিউরিটি টিমগুলির কাছে প্রচুর অ্যালার্ট বা সতর্কবার্তা থাকে। তাদের প্রয়োজন আরও স্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ এবং দুর্বলতা শনাক্ত করা থেকে শুরু করে সেটির সমাধান পর্যন্ত একটি কার্যকর পথ।
সিঙ্গাপুরে থেকেই আমি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধরনের মার্কেট গ্যাপ দেখতে পাই আর তাই আমি বাংলাদেশে এমন একটি সমাধান তৈরি করার জন্য কাজ করা শুরু করি, যা প্রযুক্তিগত সক্ষমতার ভিত্তিতে বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারবে। আমাদের দেশে অত্যন্ত মেধাবী গবেষক রয়েছেন। আমি চাই, তাঁদের মেধা ও দক্ষতা এমন সব প্রযুক্তিপণ্যে রূপান্তরিত হোক, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের বাস্তব সমস্যার সমাধান করবে। বাড়তে থাকা সাইবার হুমকি মোকাবিলায় বিশ্বমানের স্মার্ট প্রযুক্তি তৈরি করছি আমরা।
স্বয়ংক্রিয় ও আগাম প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের সুরক্ষায় কী ধরনের পরিবর্তন আনছে?
আমার কাছে প্রোঅ্যাকটিভ বা আগাম প্রতিরোধমূলক নিরাপত্তার অর্থ হলো কোনো দুর্বলতা কাজে লাগিয়ে আক্রমণ হওয়ার আগেই সেটি শনাক্ত করা এবং ঝুঁকি কমিয়ে আনা। এর অর্থ এই নয় যে আমরা ভবিষ্যতের প্রতিটি আক্রমণ আগাম অনুমান করতে পারব।
এক্সাইলারের প্রোডাক্টের মূল লক্ষ্য হলো একটি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর সেটির সমাধান নিশ্চিত করা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে সংযুক্ত করা। এ্যাথেনা ও রিজলভ এর মাধ্যমে আমরা সোর্স কোড বিশ্লেষণ, অ্যাপ্লিকেশন পরীক্ষা, এপিআইয়ের দৃশ্যমান হওয়া এবং লাইভ ট্রাফিক সুরক্ষার মধ্যে একটি সমন্বিত কর্মপ্রবাহ তৈরি করছি।
আমাদের লক্ষ্য হলো, কোনো দুর্বলতা শনাক্ত হওয়ার পর তার প্রমাণ, তদন্ত, অনুমোদিত পদক্ষেপ এবং পুনরায় পরীক্ষার পুরো প্রক্রিয়াকে একসঙ্গে নিয়ে আসা। এর ফলে নিরাপত্তার জন্য যে টিমটি কাজ করছে তারা গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকার দিতে পারবে এবং বিভিন্ন ধাপে ম্যানুয়াল হস্তক্ষেপের প্রয়োজন কমবে।
অটোমেশনের কাজ হওয়া উচিত এই ধাপগুলোর মধ্যে থাকা পুনরাবৃত্তিমূলক কাজ কমিয়ে আনা। এআই নিরাপত্তা দুর্বলতা ব্যাখ্যা করতে এবং সমাধানের প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। তবে এআইয়ের দেওয়া ফলাফল যাচাই করা জরুরি।
আমরা চাই, একজন ডেভেলপার বা সিকিউরিটি ইঞ্জিনিয়ার যেন দ্রুত ও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন এমন পর্যাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে, যার ওপর আস্থা রাখা যায়।
মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করার ব্যাপারটি বাস্তবতার কতটা কাছাকাছি?
আমার মনে হয়, নিরাপত্তার নির্দিষ্ট কিছু কর্মপ্রবাহ স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। তবে পুরো নিরাপত্তা কার্যক্রম থেকে মানুষকে সরিয়ে দেওয়ার পর্যায়ে এখনো পৌঁছাইনি।
পুনরাবৃত্তিমূলক কিছু কাজ নির্দিষ্ট সীমার মধ্যে মেশিন বেশ ভালোভাবে করতে পারে। কিন্তু কোনো প্রোডাকশন সিস্টেম বন্ধ করা হবে কি না, একটি ব্যবসায়িক ঝুঁকি গ্রহণ করা হবে কি না, কিংবা বড় ধরনের কোনো পরিবর্তন কার্যকর করা হবে কি না - এসব সিদ্ধান্তের ক্ষেত্রে প্রেক্ষাপট ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সিদ্ধান্ত সরাসরি কাস্টমার ও ব্যবসার ওপর প্রভাব ফেলতে পারে।
অফেনসিভ সিকিউরিটি থেকে আসার কারণে কোনো সিস্টেম আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিচ্ছে বলেই সেটিকে বিশ্বাস করার বিষয়ে আমি বরাবরই সতর্ক। এআইয়ের তৈরি কোনো সমাধানকেও পরীক্ষা করার প্রয়োজন। একইভাবে, স্বয়ংক্রিয়ভাবে নেওয়া কোনো পদক্ষেপের নির্দিষ্ট সীমা, দৃশ্যমানতা এবং ভুল হলে তা থেকে ফিরে আসার ব্যবস্থা থাকতে হবে।
আমার কাছে সবচেয়ে কার্যকর মডেল হলো - ছোট কিন্তু দক্ষ একটি দল, যারা অটোমেশনের সাহায্যে অনেক বেশি কাজ করতে পারবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকবে।
বাংলাদেশের একটি ডিপ-টেক প্রতিষ্ঠানকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ও সম্ভাবনা কী?
আমি আমার বাংলাদেশি হওয়া এবং বিশ্ব দরবারে নিজেদেরকে নিয়ে যাওয়া নিয়ে গর্বিত। তবে এক্সিলার একটি আন্তর্জাতিক উদ্যোগ। আমাদের গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) প্রকৌশলীরা বিভিন্ন দেশে কাজ করছেন। তাদের ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি এক জায়গায় এসে একটি অভিন্ন লক্ষ্যকে সামনে এগিয়ে নিচ্ছে-আমাদের প্রযুক্তিকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।
সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো আস্থা অর্জন। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কাস্টমারদের আপনার প্রযুক্তি, সেবা প্রদানের সক্ষমতা এবং এর পেছনে থাকা মানুষদের ওপর আস্থা রাখতে হয়। বিভিন্ন দেশে কাজ করার ক্ষেত্রে টিমগুলির মধ্যে সমন্বয় বজায় রাখা এবং ভিন্ন ভিন্ন বাজারের কাস্টমারদের প্রয়োজন বোঝাও গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে আমাদের গ্লোবাল টিমটি বড় একটি শক্তি। আমরা একে অপরের কাছ থেকে শিখি, নিজেদের ধারণাকে প্রশ্ন করি এবং একসঙ্গে প্রযুক্তি তৈরি করি। আমার নিজের যাত্রায়ও প্রকৌশলগত দক্ষতার বাইরের অনেক বিষয় শিখতে হয়েছে, বিশেষ করে সেলস, পার্টনারশিপ এবং আমাদের প্রযুক্তির মূল্য কাস্টমারদের কাছে তুলে ধরার ক্ষেত্রে।
আমাদের পরবর্তী ব্যবসায়িক লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে নিয়মিত সেলস নিশ্চিত করে এমন এন্টারপ্রাইজ চুক্তি নিশ্চিত করা। আমরা চাই, কাস্টমাররা তাদের দৈনন্দিন নিরাপত্তা কার্যক্রমে এক্সাইলারের প্রোডাক্ট ব্যবহার করবেন এবং এর মাধ্যমে সহযোগিতা ও প্রায়োগিক সুবিধা পাওয়ার কারণেই চুক্তি নবায়ন করবেন।
এটি অর্জন করতে পারলে প্রমাণ হবে, আমাদের প্রকৌশলগত কাজকে আমরা একটি টেকসই বৈশ্বিক ব্যবসায় রূপান্তর করতে পেরেছি।
আমার কাছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এবং একটি বৈশ্বিক প্রতিষ্ঠান গড়ে তোলা; দুটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত। আমি চাই, আমাদের শিকড় আমাদের গর্বের উৎস হোক, আর আমাদের প্রযুক্তি ও সম্মিলিত প্রচেষ্টাই হোক সেই কারণ, যার জন্য বৈশ্বিক কাস্টমাররা আমাদের বেছে নেবেন।
বাংলাদেশের তরুণ সাইবার নিরাপত্তা পেশাজীবীদের জন্য আপনার পরামর্শ কী?
টুলস, সার্টিফিকেট কিংবা এআইয়ের শর্টকাটের পেছনে ছোটার আগে নিজের মৌলিক জ্ঞান শক্ত করুন। অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম এবং অথেনটিকেশন কীভাবে কাজ করে, তা ভালোভাবে শিখুন। নিজে কোড লিখুন, কিছু তৈরি করুন, এরপর নিরাপদ গবেষণার মাধ্যমে সেটির দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করুন।
এরপর একটি নির্দিষ্ট ক্ষেত্র বেছে নিয়ে গভীরভাবে কাজ করুন। অনুমোদিত সিস্টেমে অনুশীলন করুন, ভালো ভলনারেবিলিটি রিপোর্ট পড়ুন এবং শুধু প্রযুক্তিগত সমস্যাটি নয়, এর প্রভাবও ব্যাখ্যা করতে শিখুন।
একটি সুস্পষ্ট রিপোর্ট এবং পুনরায় যাচাই করা যায় এমন একটি দুর্বলতার প্রমাণ আপনার দক্ষতা অনেক বেশি কার্যকরভাবে তুলে ধরতে পারে, দীর্ঘ টুলস এর জ্ঞান রয়েছে এমন তালিকার চেয়েও।
নিজের শেখার গতি বাড়াতে এআই ব্যবহার করুন, তবে এর উত্তর যাচাই করতে ভুলবেন না। এআই যদি কোনো এক্সপ্লয়েট বা প্যাচ তৈরি করে, তাহলে সেটি কেন কাজ করছে এবং কোন পরিস্থিতিতে ব্যর্থ হতে পারে, তা আপনাকে বুঝতে হবে।
শুরু করার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। ছোট করে শুরু করুন, নৈতিকতার সীমা মেনে চলুন, উপকারী কাজ প্রকাশ করুন এবং ক্রমাগত নিজেকে উন্নত করুন।
বর্তমান পৃথিবীতে আপনি কোথায় অবস্থান করছেন, তা আপনার গবেষণার মান নির্ধারণ করে না।



