দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাছাই নির্বাচন কমিশন-২০২৬ ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল প্রকাশ করা হয়।
ভোটের ফলাফলে সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি হরিণ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট এবং নিপেন পাল মোরগ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য নির্বাচিত পদে বিজয়ীরা হলেন—কার্যকরী সভাপতি মিঠুন কালোয়ার, সহ-সভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহ-সভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহ-সাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা। সাতটি ভ্যালী থেকে আরও ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দেশের সাতটি ভ্যালী কমিটি ও ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি পদের ফল প্রকাশিত হয়েছে; এর মধ্যে কয়েকটি বাগানে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং কিছু বাগানে সমান ভোট পাওয়ার ঘটনাও ঘটে।
মৌলভীবাজারের চার ভ্যালীর নেতৃত্বে নির্বাচিতরা হলেন— জুড়ী ভ্যালীতে সভাপতি সজল বাউরী, নারী সহ-সভাপতি শ্রীমতি বাউরী ও সম্পাদক সকুল গোয়ালা; বালিশিরা ভ্যালীতে সভাপতি মহেশ্বর দাস, নারী সহ-সভাপতি রীতা, সম্পাদক নরতম তাঁতী ও সাংগঠনিক সম্পাদক স্বপন সাঁওতাল; মনু-দলই ভ্যালীতে সভাপতি সীতারাম বীন, নারী সহ-সভাপতি গৌরী রানী কৈরী ও সম্পাদক দুলাল ছত্রী এবং লংলা ভ্যালীতে সভাপতি দীপংকর ঘোষ, নারী সহ-সভাপতি ঝুমু ভৌমিক ও সম্পাদক বিশ্বজিৎ দাশ।
সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা আয়োজন করা সম্ভব হয়নি। এবারের নির্বাচনে প্রায় ১ লাখ ৪৮ হাজার চা শ্রমিকের ভোটাধিকার প্রয়োগের কথা ছিল।



