২০২৭ সালে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রোজার ঈদে পাঁচ দিন এবং কোরবানির ঈদে ছয় দিন ছুটি থাকবে।
রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত পরিপত্র সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা তৈরি করা হয়েছে।
ছুটির তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
ছুটির সম্পূর্ণ তালিকা:
২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর এবং রোজার ঈদ উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (কেবল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মহান মে দিবসে ব্যাংকে ছুটি থাকবে।
১৫ থেকে ২০ মে কোরবানির ঈদ এবং ২০ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ১৬ জুন আশুরা এবং ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে ছুটি থাকবে।
বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে (নবমী ও বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনে ব্যাংকে ছুটি থাকবে।
এ ছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
তবে চাঁদ দেখার ওপর যেসব ছুটি নির্ভরশীল, সেসবের তারিখ পরিবর্তন হতে পারে বলে পরিপত্রে জানানো হয়েছে।



