চালকের ভুলে চোখের সামনে পিষ্ট হয়ে চার সন্তানের মৃত্যু দেখলো অসহায় মা কুকুর

ওই সময় সাতটি বাচ্চা নিয়ে ঘুমিয়ে ছিল মা কুকুরটি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে চারটি কুকুর ছানা মারা গেছে। এ ঘটনায় আরও দুটি ছানা আহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিসের ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা একটি কালো রঙের টয়োটা আরএভিফোর গাড়িপোস্ট অফিস চত্বরে ঢোকে। ওই সময় মা কুকুরটি সাতটি বাচ্চা নিয়ে ঘুমিয়ে ছিল। চালক বিষয়টি খেয়াল না করে গাড়ি চালালে সামনের ও পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারটি কুকুর ছানা মারা যায়। 

স্থানীয়রা জানান, আরও তিনটি ছানা বেঁচে যায়, যার মধ্যে দুটি আহত হয়েছে। 

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, ঘটনার সময় ওই চালকের আচরণ ছিল অসংলগ্ন ও অস্বাভাবিক; নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা নিয়ে সন্দেহপ্রকাশ করেন তারা।

ঘটনাটি জানাজানি হলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান স্থানীয়রা।

সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক বেখেয়ালবশত গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে সাতটি কুকুর ছানার মধ্যে চারটি ছানা মারা গেছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং গাড়িটি কার, সে বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সাতক্ষীরা ‘প্রকৃতি ও জীবন ক্লাবের’ সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, “চালকের অবহেলায় এভাবে নিরীহ প্রাণীগুলোর মৃত্যু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। গাড়ি চালানো বা পেছনে নেওয়ার আগে আশপাশ ও চাকার নিচে কোনো প্রাণী আছে কি না, তা সতর্কতার সঙ্গে দেখে নেওয়া উচিত ছিল। একটি প্রাণী চাইলেই তৈরি করা যায় না, কিন্তু অসাবধানতায় মুহূর্তেই প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে।”

পশু সংরক্ষণ আইন অনুযায়ী প্রাণীদের প্রতি সংবেদনশীল থাকা জরুরি উল্লেখ করে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, “শীতের শুরুতে রাস্তাঘাট, গলি, পার্কিং স্পট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও গেটের পাশে উষ্ণতার খোঁজে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়ে।”

“বিশেষ করে শীতের বিকেল ও সন্ধ্যায় অথবা গাড়ি চালানোর সময় চালকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।”