সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার।
রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দোকান মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, তাদের ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার। এ ক্ষেত্রে সোলার প্যানেলগুলোর মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নিম্নমানের প্যানেল ব্যবহার করা হলে সংশ্লিষ্ট স্থাপনকারী প্রতিষ্ঠান ও বিএসটিআইকে জবাবদিহিতার আওতায় আনার কথাও উল্লেখ করা হয়েছে।
বৈঠকে সারা দেশে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ তুলে ধরে দোকান মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো সারা দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। মানুষ এটিকে লোডশেডিং মনে করলেও বাস্তবে তা বিদ্যুৎ বিভ্রাট। গড় হিসাবে একজন গ্রাহক বছরে ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন বলে উল্লেখ করে সমিতি জানায়, একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে মাত্র একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের অনাগ্রহ ও ভীতির বিষয়টিও বৈঠকে উঠে আসে। সমিতির দাবি, দুই হাজার টাকার কার্ড কিনে রিচার্জ করলে মিটারে অনেক কম অর্থ দেখা যায়। ম্যানুয়াল বিলে পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন চার্জ কাটা হয় এবং মিটার ভাড়া বাতিল হলেও পরিপত্র না থাকায় তা এখনো কাটা হচ্ছে।
মোবাইল রিচার্জের উদাহরণ টেনে সমিতি প্রস্তাব দেয়, গ্রাহক মিটারে যে পরিমাণ অর্থ রিচার্জ করবেন, তা যেন সরাসরি শো করে এবং অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করা হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, মন্ত্রী এ প্রস্তাব গ্রহণ করেছেন এবং এখন থেকে রিচার্জ করা অর্থই মিটারে দেখাবে।
পাশাপাশি বাড়ি বা প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির ফলে শত শত গ্রাহকের লাখ লাখ টাকার ক্ষতির বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। তার চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।



