আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার হামলার আশঙ্কায় থাকা তিনটি মডেলগুলোতে থাকা একটি নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়েছে। এই হামলার মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাদের আইফোনে ক্ষতিকর কোড যুক্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রযুক্তিবিষয়ক সংবাদের ওয়েবসাইট ইয়াহু টেক এক প্রতিবেদনে অ্যাপলের সাইবার হামলার ঝুঁকি বিষয়টি তুলে ধরেছে।
অ্যাপলের মতে, ‘সিভিই-২০২৬-৮৬৯৫০’ নামের ত্রুটিটি পাওয়া গেছে অ্যাপলের পুরোনো সংস্করণের কোরগ্রাফিকস সফটওয়্যারে। ছবি ও অন্যান্য দৃশ্যমান উপাদান প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় সফটওয়্যারটি। আর তাই বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইল আইফোনে চালু করলেই যন্ত্রে অননুমোদিত কোড চালানোর সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।
নিরাপত্তাত্রুটিটি কাজে লাগিয়ে ইতিমধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাপল।
আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর মডেলে থাকা নিরাপত্তাত্রুটিটি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া কোডযুক্ত ফাইলের মাধ্যমে ব্যবহার করা সম্ভব।
সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে এবং সমস্যা সমাধানের জন্য আইওএস ১৮.৭.১১ নামের নতুন সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। তাই আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর মডেল ব্যবহারকারীদের নতুন সংস্করণটি দ্রুত ডাউনলোড করার আহ্বান জানানো হয়েছে।



