নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বেন শেমেন বনে আকস্মিকভাবে লাগা আগুনের কারণে রুট ১, রুট ৬ ও রুট ৪৪৪ এর মতো তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে জেরুজালেম ও তেল আবিবকে সংযোগকারী রুট ১ বন্ধ থাকায় শহর ছাড়তে চাওয়া হাজার হাজার যানবাহন আটকে পড়ে, যোগাযোগব্যবস্থায় দেখা দেয় তীব্র যানজট।
এমন বিপর্যয় এবারই প্রথম নয়। গত আগস্টেও একই অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে একাধিক প্রধান সড়ক বন্ধ করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
এই দুর্যোগের পাশাপাশি দেশটিতে চলছে রাজনৈতিক অনিশ্চয়তাও। নেসেটের (পার্লামেন্ট) নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সরকার গঠনে প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন কোনো একক দল বা জোট পায়নি। ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখা কিংবা বিরোধী পক্ষের নতুন সরকার গঠন, দুটোর ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে জটিল দর-কষাকষি চলতে পারে।



