Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

‌‘গৃহযুদ্ধের দিকে যাচ্ছে ইসরায়েল, ভাঙনের মুখে রাষ্ট্রটি’

সিআইএ-র একটি গোপন মূল্যায়নে এসব তথ্য উঠে এসেছে বলে জানা যায়

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

গভীর হতে থাকা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে ইসরায়েল গৃহযুদ্ধ বা এমনকি রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

সোমবার (৪ অক্টোবর) আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়। সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’ কর্তৃক প্রস্তুত করা ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শীর্ষক একটি গোপন মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে বলে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে।

সিআইএ-র প্রতিবেদনে বলা হয়, দেশটির আসন্ন সাধারণ নির্বাচনের আগে বেশ কিছু জটিল সংকট একসঙ্গে পুঞ্জীভূত হয়ে পরিস্থিতিকে চরম অস্থির করে তুলেছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক মন্দা, আকাশচুম্বী সামরিক ব্যয়, পশ্চিম তীরে দখলদার ইসরাইলিদের ক্রমবর্ধমান সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়া নিয়ে সাধারণ জনগণের তীব্র ক্ষোভ।

এ ছাড়া দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক লড়াই ইসরায়েলের রাজনৈতিক ও সাংবিধানিক সংকটকে আরও ঘনীভূত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টানা যুদ্ধ পরিস্থিতি ইসরাইলি সমাজের মধ্যকার পুরোনো বিভাজনগুলোকে আরও গভীর করেছে। গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে অংশ নিয়ে বিপুলসংখ্যক সেনা ও রিজার্ভিস্ট মানসিক ট্রমা নিয়ে ফিরে আসছেন।

এর মধ্যে অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে ছাড় দেওয়াকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান একাকীত্ব এবং খোদ যুক্তরাষ্ট্রেও দেশটির জনসমর্থন কমে যাওয়াকে বড় অনুঘটক হিসেবে চিহ্নিত করেছে সিআইএ।

প্রতিবেদনে বলা হয়, বাইরের এসব চাপ ও ভেতরের অস্থিতিশীলতা একসঙ্গে মিলে ইসরায়েলের রাষ্ট্রীয় অস্তিত্বকেই এক অভূতপূর্ব সংকটের মুখে ফেলে দিচ্ছে।

   

About

Popular Links

x