জোট সরকার গঠনে নেতানিয়াহুর পার্টিকেই ডাকলেন আইজেনকোট

লিকুদ পার্টি এক বিবৃতিতে আইজেনকটের জোটের সামনে ১০টির মতো শর্ত জুড়ে দিয়েছে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। দেশটির সাম্প্রতিক নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে প্রথম সরকার গঠনের আমন্ত্রণ জানান।

আগামী ৬ ডিসেম্বরের মধ্যে আইজেনকটকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে; তবে প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ব্যর্থ হলে সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে ডাকা হতে পারে।

ইয়াশার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (২২ নভেম্বর) থেকেই সরকার গঠনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সবাইকে নিয়ে একটি বৃহত্তর জোট সরকার গঠনের আন্তরিক প্রচেষ্টা হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। এর আগে এক বিবৃতিতে ইয়াশার পার্টি জানায়, নতুন সরকার গঠনের প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টায় গাদি আইজেনকট তাঁর আলোচক দলকে লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে একটানা দীর্ঘ আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন।

আইজেনকট এর আগে নেতানিয়াহুর দলের সদস্যদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দিলেও নেতানিয়াহুর নিজস্ব নেতৃত্বের কোনো সরকারে কাজ না করার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছিলেন। শনিবার আইজেনকটের নিজস্ব রাজনৈতিক জোটের ভেতরে কট্টর ধর্মীয় দল, আরব দল নাকি লিকুদ পার্টির সঙ্গে জোট গঠন করা হবে- তা নিয়ে মতবিরোধের মধ্যেই এই আলোচনার ঘোষণা আসে। জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার আইজেনকটের নেতৃত্বে একটি ‘ইহুদিবাদী ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানিয়ে বলেন, তাঁর দল নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে যোগ দেবে না। অন্যদিকে নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের পক্ষে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে আলোচনার আমন্ত্রণ পাওয়ার পরপরই লিকুদ পার্টি এক বিবৃতিতে আইজেনকটের জোটের সামনে ১০টির মতো শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলোর মধ্যে প্রধান হলো, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান ‘রাজনৈতিক বয়কট’, ব্যক্তিগত আক্রমণ ও উসকানি বন্ধ করা। এ ছাড়া শর্তগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া, আরব দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা পুরোপুরি বাতিল করা, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করা, গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলগুলো সক্রিয় রাখা এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেওয়া। পাশাপাশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভার শিক্ষার্থীদের মর্যাদা দেওয়া এবং বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে রক্ষণশীল নেতাদের সঙ্গে সমঝোতার শর্তও দিয়েছে লিকুদ পার্টি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহু ও তার মিত্ররা আরব দলগুলোর নেতাদের সমালোচনা করে আসছেন; যদিও আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন।

এর আগে শুক্রবার গাদি আইজেনকট অঙ্গীকার করেন যে, তিনি জোট গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না। সব দলকে নিয়ে একটি বৃহত্তর সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে তিনি পার্লামেন্টে ভোটের জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব তুলতে প্রস্তুত থাকবেন বলেও জানান।