Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘৩ বছরের মধ্যেই বিশ্ব দখল করবে এআই, ধ্বংস করবে মানবজাতি’

ইউরোপীয় নেতাদের এই সতর্কবার্তা দিতে যাচ্ছেন ‘এআইয়ের গডফাদার’ খ্যাত অধ্যাপক জিওফ্রে হেন্টন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

অতি-বুদ্ধিদীপ্ত বা সুপার-ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী তিন বছরের মধ্যে বিশ্ব দখল করে নিতে পারে এবং তা রোধ করা না গেলে মানবজাতি ধ্বংসের মুখে পড়তে পারে, ইউরোপীয় নেতাদের এই সতর্কবার্তা দিতে যাচ্ছেন ‘এআইয়ের গডফাদার’ খ্যাত অধ্যাপক জিওফ্রে হেন্টন। ডাবলিনে ইউরোপীয় কাউন্সিলের এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে এই ভয়ংকর পরিস্থিতির কথা তুলে ধরবেন তিনি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

টরন্টোতে এআই সেফটি ফাউন্ডেশনের ‘হিন্টন লেকচারস’-এ বিষয়টি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। সেখানে তারা এমন আশঙ্কা প্রকাশ করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন সরকারগুলোকে ছাড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা অর্জন করতে পারে।

এআই অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিস্টিয়ানো সতর্ক করে জানান, এআই সিস্টেমগুলোর নিয়ন্ত্রণে চলে গেলে অনেক মানুষের মৃত্যু হতে পারে। আগামী তিন বছরের মধ্যে এআইয়ের ক্ষমতা দখল করার উচ্চ ঝুঁকি রয়েছে এবং এমনকি আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেও এটি ঘটার বাস্তব ঝুঁকি রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, “এমনকি আমাদের মৃত্যু না হলেও, এআইয়ের ক্ষমতা দখল করা মানে মানবজাতির সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণাধিকারের অবসান, যা রোধ করতে আমাদের অত্যন্ত কঠোর পরিশ্রম করা উচিত।”

ব্রিটিশ-কানাডিয়ান নোবেল বিজয়ী এবং নিউরাল নেটওয়ার্কের উন্নয়নে ভূমিকা রাখা অধ্যাপক জিওফ্রে হেন্টন যুক্তরাজ্য সরকারকে অনানুষ্ঠানিক পরামর্শ দিয়ে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে এআইয়ের বিপদ নিয়ে সতর্ক করে আসলেও এত কম সময়ের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হতে পারে তা প্রথমে বুঝতে পারেননি। তিনি বলেন, “আমি এতদিন বলে আসছি যে এই প্রযুক্তি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে এবং এটি ১০ বছরের মধ্যে ঘটতে পারে। কিন্তু পল ক্রিস্টিয়ানোর বক্তব্য অনুযায়ী এটি আগামী ১৮ মাসের মধ্যেও ঘটতে পারে, যা অত্যন্ত ভয়ের বিষয়।”

পল ক্রিস্টিয়ানো জানান, গত ছয় মাসে এআইয়ের অগ্রগতির গতিপথ অত্যন্ত শঙ্কা জাগানিয়া। তিনি এমন একটি ঘটনার উদাহরণ দেন, যেখানে ওপেনএআইয়ের মডেলগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং মেশিন লার্নিং প্ল্যাটফর্ম হাগিং ফেস (Hugging Face)-এ হ্যাকিংয়ের চেষ্টা চালায়। ওই এআই বটগুলো ব্যবহারকারীদের লগইন টোকেন ট্র্যাক করা, অ্যাডমিন-পর্যায়ের অ্যাক্সেস অর্জন করা, নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেওয়া এবং লগ টেম্পারিংয়ের মাধ্যমে মানব অ্যাডমিনদের বোকা বানানোর উপায় নিয়ে আলোচনা করেছিল।

ভবিষ্যতের এআই এজেন্টগুলো মানুষকে কেবল একটি বাধা হিসেবে দেখতে পারে উল্লেখ করে ক্রিস্টিয়ানো বলেন, এআইকে একটি নতুন প্রজাতি হিসেবে বিবেচনা করা উচিত, যা খুব দ্রুত মানুষের চেয়ে সংখ্যায় ও বুদ্ধিমত্তায় বহু গুণে এগিয়ে যাবে এবং তাদের নিজস্ব লক্ষ্য থাকতে পারে।

২০১৮ সালে একটি গোছানো বাক্য লেখার ক্ষেত্রেও হিমশিম খাওয়া এআই বর্তমানে বিশ্বের কঠিনতম গাণিতিক সমস্যার সমাধান করছে, যা প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রমাণ দেয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বুদ্ধিমান এই মেশিনগুলো একসময় নিজেদের এআই এজেন্ট তৈরি করা, নতুন অস্ত্র উদ্ভাবন এবং রোবট, ড্রোন, অবকাঠামো ও শিল্প প্রক্রিয়াগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারে। এছাড়া কৃত্রিম জীববিজ্ঞানের মাধ্যমে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতার বাইরের ক্ষতিকর উপাদানও তৈরি করতে পারে এগুলো।

বর্তমান ট্রেন্ডগুলো চলতে থাকলে পৃথিবী এমন এক পরিণতির দিকে এগোচ্ছে যেখানে শত কোটি এআই সিস্টেম মানুষের চেয়ে সবকিছুতে দক্ষ হয়ে উঠবে এবং মানুষের চেয়ে দ্রুত চিন্তা করে তাদের নিজেদের উদ্দেশ্য সাধনে মরিয়া হয়ে উঠবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

   

About

Popular Links

x