সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীকে কারাগারে রাখার আবেদন

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তার দুই ভাইকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারে আটক রাখার আবেদন করা অন্য দুজন হলেন শায়লা ফারজানার ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া।

পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার ভোরে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও রেজাউল আলম শাহিনকে এবং মিরপুরের রাকিন সিটির বাসা থেকে বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহির্গমন সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন সদস্য মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার মাধ্যমে এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোই ছিল তাদের উদ্দেশ্য।

আবেদনে আরও অভিযোগ করা হয়, শায়লা ফারজানা ও তার দুই ভাই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করেছেন। ঢাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা লোকজন জড়ো করা ও অর্থের জোগান দিতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময়ও অন্য আসামিদের ঘটনাস্থলে জড়ো করার ষড়যন্ত্রে তাদের সম্পৃক্ততা ছিল বলে পুলিশ দাবি করেছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আর্জি জানিয়ে আবেদনে বলা হয়, জামিনে মুক্তি পেলে তারা আবারও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে এবং অন্য আসামিদের সহায়তা করতে পারেন।

এ ছাড়া পুলিশের আবেদনে রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে মিরপুর মডেল ও আশুলিয়া থানায় হত্যা-সংক্রান্ত দুটি মামলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। তবে সেসব মামলার বিচারিক নিষ্পত্তি হয়েছে কি না, তা আবেদনে স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হিসেবে এসবি প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালের আগস্টে মনিরুল ইসলামকে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শায়লা ফারজানাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।