রেললাইন পারাপারে নিরাপত্তার জন্য থাকার কথা রেলগেট, দায়িত্বে থাকার কথা গেটম্যান। কিন্তু পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিংয়ে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। কোথাও রেলগেট নেই, কোথাও গেট থাকলেও নেই গেটম্যান।
রেলওয়ের অনুমতি ছাড়াই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নির্মাণ করেছে অসংখ্য লেভেল ক্রসিং। জীবনের ঝুঁকি নিয়ে এসব ক্রসিং দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২ হাজার কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে প্রায় ১ হাজার ৮০০টি। এর মধ্যে গেটম্যান রয়েছেন মাত্র ৫৭৪টিতে। অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ ক্রসিংয়েই নেই গেটম্যান।
রেলওয়ের হিসাবে, ১ হাজার ৩০১টি লেভেল ক্রসিং বৈধ হিসেবে চিহ্নিত। কিন্তু এসব বৈধ ক্রসিংয়ের মধ্যেও ৭২৭টিতে নেই নিরাপত্তাকর্মী। ফলে অনুমোদিত ক্রসিংয়েও ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে ৯টি। অন্যদিকে চলতি বছরের প্রথম আট মাসে ঘটেছে ১৪টি দুর্ঘটনা। অর্থাৎ, আগের বছরের তুলনায় দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। ঝুঁকিপূর্ণ এসব ক্রসিংয়ে অনেক সময় ট্রেন আসার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা কিংবা পথচারীরাই যানবাহন থামানোর দায়িত্ব পালন করেন। এতে সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
রাজশাহী নগরীর বহরমপুর এলাকার পথচারী ফারজানা ইসলাম বলেন, ‘‘রেললাইন পার হতে সব সময় ভয় লাগে। কারণ, ট্রেন কখন আসছে, অনেক সময় তা বোঝা যায় না। রেলক্রসিংয়ে গেট ও সতর্কসংকেত না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকে।’’ মানুষের জীবনের নিরাপত্তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জানা গেছে, সবচেয়ে বেশি অবৈধ লেভেল ক্রসিং নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন, বিভিন্ন পৌরসভাসহ একাধিক সংস্থা এসব ক্রসিং নির্মাণ করেছে। কোথাও কোথাও একই এলাকায়, এমনকি ১০০ গজের মধ্যেও তৈরি করা হয়েছে একাধিক ক্রসিং। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ব্যক্তিগত উদ্যোগেও রেললাইনের ওপর দিয়ে তৈরি করা হয়েছে পায়ে চলার পথ।
নিরাপদ সড়ক চাই রাজশাহীর সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘‘রেললাইনে চলাচলের ক্ষেত্রে যাত্রীসাধারণ ও যানবাহনকে সতর্ক থাকার নির্দেশনা থাকলেও শুধু এ নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ করা যায় না। বর্তমান সময়ে শুধু গেটম্যানের ওপর নির্ভর না করে লেভেল ক্রসিং ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে হবে। শীতকালে ঘন কুয়াশার মধ্যে রেললাইনে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ পরিস্থিতিতে আধুনিক সংকেতব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা ও ডিজিটাল প্রযুক্তি চালু করা গেলে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।’’
রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, ‘‘রেললাইন অনেক সময় উপজেলা, ইউনিয়ন কিংবা গ্রামীণ সড়ক অতিক্রম করেছে। জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থেই এসব স্থানে সড়ক নির্মাণ বা উন্নয়নকাজ করতে হয়। নিয়ম অনুযায়ী, রেললাইন অতিক্রম করে কোনো সড়ক নির্মাণ বা উন্নয়নকাজ করতে হলে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়।’’ প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই কাজ করা হয় বলেও দাবি করেন তিনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘‘পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৪৮৭টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা এসব ক্রসিং তৈরি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এজাহারসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘বৈধ লেভেল ক্রসিংয়ের মধ্যেও কিছু ক্রসিং বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে উন্নত করা হয়েছে। আগে যেখানে মাটির রাস্তা ছিল, সেখানে পরবর্তী সময়ে পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে সড়কে যানবাহনের চলাচল বেড়েছে। কিন্তু এসব উন্নয়নকাজের ক্ষেত্রে অনেক সময় রেলওয়ের অনুমতি নেওয়া হয়নি। রেলওয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হলে দুর্ঘটনার হার আরও কমানো সম্ভব হতো।’’



