ককটেল তৈরি ও নাশকতার অভিযোগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ১৪

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ১১ জনকে এবং বিস্ফোরক আইনের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বহরম গ্রামের দানেশ ঘোষের ছেলে। জিজ্ঞাসাবাদে জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে গানপাউডার ও ককটেল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জুয়েল ও তার ছোট ভাই মো. নাইম (২৩) ককটেল তৈরির সঙ্গে জড়িত। পরে উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নাইমকেও গ্রেপ্তার করা হয়। জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। তার ছোট ভাই নাইমের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে, রাজশাহী মহানগরীতে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বিশেষায়িত শাখা এসআরইউ এবং বিভিন্ন থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বৃহস্পতিবার সকালে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রাজপাড়া থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি তারা। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় তাদের আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - মো. মাসুদ, মুছা আহমদ খান মন্টু, আলহাজ মো. রেজাউল ইসলাম, সোবাহান ওরফে শুভ, মো. মাসাদুল ইসলাম স্বপন, মো. ইকবাল হোসেন, মোহাম্মদ শহিদুজ্জামান, মোহাম্মদ রুবেল শেখ, মোহাম্মদ তারিফুর রহমান তোর, ইদ্রিস আলম ও মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর।

আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি ছিলেন। মুছা আহমদ খান মন্টু সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ছিলেন। মো. ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। অন্যদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

অন্যদিকে, মহানগরীতে বিস্ফোরক আইনের মামলায় মো. মোক্তার আলী ইমন (২১) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর পবা থানার নওহাটার গরুহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইমন পুঠিয়াপাড়া গ্রামের মো. মিলন হকের ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর পবা থানায় বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় করা মামলার ১০ নম্বর আসামি ইমন। নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।