Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে ইয়াবাসহ চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য ও স্ত্রী গ্রেপ্তার

বগুড়া রোড ও কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

বরিশাল নগরীতে পৃথক অভিযানে দুই হাজার ৩৫ পিস ইয়াবাসহ চাকরিচ্যুত এক সেনা সদস্য ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর বগুড়া রোড ও কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান।

আটকরা হলেন বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের বেল্লাল হোসেন রাতুল (২৮) ও তার স্ত্রী লামিয়া আক্তার (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া রোডের সালাম সাইকেল স্টোরের সামনে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাশীপুর ফিশারী রোডের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আরও এক হাজার ৮০০ পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

পরিদর্শক লুৎফর রহমান জানান, রাতুল আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মাদক সেবন ও বিক্রিতে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। পুলিশের দাবি, এরপর তিনি মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গত মার্চেও ইয়াবাসহ রাতুলকে আটক করেছিল পুলিশ। ওই মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালী ও এয়ারপোর্ট থানায় আলাদা দুটি মামলা হয়েছে। দুটি মামলাতেই রাতুল ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে।

   

About

Popular Links

x