Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার মাদক বিক্রির ৭৩ হাজার টাকা

বৃহস্পতিবার রাতে নওগাঁর মান্দায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

নওগাঁর মান্দায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্রসহ ৭৩,০৫০ টাকাও উদ্ধার করা হয়।     

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২২অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - মান্দা উপজেলার চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ আফজালের নেতৃত্বে চকউলী গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও মাদকবিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু ও বসতবাড়ির গর্তে লুকানো অবস্থায় আরেকটি আধুনিক চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা ডাবল-ব্লেড টমাহক নামক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একইসঙ্গে ৬০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭৩,০৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র মামলা রুজু করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।”

   

About

Popular Links

x