বরিশালের বানারীপাড়া উপজেলায় নির্মানাধীন ভবনের সেফটি ট্যাংকিতে নেমে কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভিতরে দুইজন শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অক্সিজেনের অভাবে ওই দুইজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ওসি আরও জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক শ্রমিক জামাল ও সোহাগকে মৃত ঘোষণা করেন।



