Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘শিশু চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আলম শেখ ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলে দাবি করেছে তার পরিবার। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে হাসপাতাল প্রাঙ্গণে এই মর্মান্তিক গণপিটুনির ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে ‘শিশু চোর’ সন্দেহে ধরে ফেলেন এবং হাসপাতালে আসার কারণ জানতে চান। আলম শেখ কোনো ‘সদুত্তর’ দিতে না পারায় একদল উত্তেজিত লোক তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে এনে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত আলম শেখ রাজধানীর রূপনগর এলাকার বাসিন্দা ছিলেন।

উপকমিশনার ইবনে মিজান জানান, “ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিবার পুলিশকে জানিয়েছে যে আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হোতাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। নিহতের পরিবার থানায় পৌঁছালে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে।”

   

About

Popular Links

x