Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আত্মপ্রকাশ করল ৭ ইসলামি দলের নতুন জোট

‘সমমনা ইসলামী দলসমূহ’ নামে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম এসেছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

কওমি মাদ্রাসাভিত্তিক শীর্ষ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও ‘মুরুব্বিয়ানায়’ ঐক্যবদ্ধ হয়েছে একই ঘরানার সাতটি রাজনৈতিক দল। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত এক নীতিনির্ধারণী বৈঠকে ‘সমমনা ইসলামী দলসমূহ’ নামে নতুন এই রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সাতটি দলের ২১ জন শীর্ষ প্রতিনিধি ও হেফাজতে ইসলামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জোটবদ্ধ হওয়া সাতটি রাজনৈতিক দল হলো- বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট (রাজী), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন জানান, “হেফাজতে ইসলামের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা সাতটি দল ‘সমমনা ইসলামী দলসমূহ’ ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছি। জোটের পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপরেখা তৈরি না হওয়া পর্যন্ত হেফাজত নেতৃত্ব অভিভাবকের ভূমিকায় আমাদের সহযোগিতা প্রদান করবে।”

তবে এই জোটে যুক্ত হওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি (ইজহার) বর্তমানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটেও সক্রিয় রয়েছে এবং তারা সেখানেও বহাল থাকবে। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম ক্ষমতাসীন বিএনপি জোটের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বজায় রেখে এই নতুন সমমনা প্ল্যাটফর্মে যুক্ত থাকছে।

এ বিষয়ে আতাউল্লাহ আমিন স্পষ্ট করেন যে, মূলধারার রাজনৈতিক জোটে বহাল থাকার পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি, ইসলামবিরোধী যে কোনো অপতৎপরতা রোদ এবং স্থানীয় নির্বাচনে এই সমমনা দলগুলোর ব্যানারে তারা এক হয়ে মাঠে কাজ করবেন।

জোটের কার্যক্রম গতিশীল করতে প্রতিটি দলের তিনজন করে প্রতিনিধি নিয়ে মোট ২১ সদস্যের একটি শক্তিশালী ‘লিয়াজোঁ কমিটি’ গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুহিউদ্দিন রাব্বানী জানান, “কওমি ধারার রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনতে দীর্ঘদিন ধরেই হেফাজত নেতৃত্ব প্রচেষ্টা চালিয়ে আসছিল। এটি সরাসরি হেফাজতের কোনো রাজনৈতিক দল নয়, বরং হেফাজত এখানে অভিভাবক বা ‘মুরুব্বি’র ভূমিকায় রয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই কওমি দলগুলোর মধ্যে যে ঐক্যের হাওয়া বইছিল, গত ১৬ জুলাই ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমীর শাহ মুহিব্বুল্লাহর আহ্বানের পর তা চূড়ান্ত রূপ লাভ করল।

বৈঠকে অন্যান্যের মধ্যে জমিয়তের সহসভাপতি জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহারসহ সাতটি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জোটের পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

   

About

Popular Links

x