Monday, August 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

হেফজতে ইসলামের আপত্তির বিষয়ে মুখ খুললেন ধর্ম প্রতিমন্ত্রী

মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর হেফাজতে ইসলামসহ একাধিক ইসলামি সংগঠনের আপত্তি ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি জানিয়েছেন, ওলামায়ে কেরামদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং কোনো বিভ্রান্তি থাকলে তা আলোচনার মাধ্যমেই দূর করা হবে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, তিনি জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত নেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের আশ্বস্ত করা সম্ভব হয়েছে এবং তারা তাকে স্বাগত জানিয়েছেন বলে দাবি করেন শামীম কায়সার।

তিনি বলেন, "বাংলাদেশের প্রথিতযশা ও বিভিন্ন মতের ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের সবার সহাবস্থান ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে। শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মের যে নেতারা আছেন, সবার কাছে আমি যাব। টুকটাক যে বিভ্রান্তি আছে, সেগুলো দূর হয়ে যাবে।"

এর আগে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর ২১ আগস্ট ক্ষোভ ও প্রতিবাদ জানায় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, নবনিযুক্ত প্রতিমন্ত্রী দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। একই ধরনের আপত্তি জানিয়েছিল সুফিবাদে বিশ্বাসী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

এসব আপত্তির জবাবে প্রতিমন্ত্রী বলেন, "একটি নির্বাচনে একটি দলকে শতভাগ মানুষ ভোট দেয় না, পছন্দ-অপছন্দ থাকতেই পারে। কোনো অ্যাপয়েন্টমেন্টকে সবাই শতভাগ পছন্দ করবে, বিষয়টি এমন নয়। সরাসরি যোগাযোগ বাড়লে যেকোনো ভুল বোঝাবুঝি নিরসন সম্ভব।"

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন, দেশের মানুষ ধার্মিক এবং প্রতিটি ধর্মের অনুসারী যদি নিজ নিজ ধর্মগ্রন্থ সঠিক ও পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে, তবে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

মতবিনিময়কালে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলামসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন।

   

About

Popular Links

x