যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের বাইরে আবারও গুলির ঘটনা ঘটেছে। এসময় বাসভবনের ভেতরেই ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর, ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি তার ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউসের বাইরে গুলি চালানোর পর নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়ে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।
তবে এ ঘটনায় কোনো কর্মকর্তা আহত হননি বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে বিবিসি বলছে, এ ঘটনায় সন্দেহভাজন আরও এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তিনি হলেন একুশ বছর বয়সী নাসেয়ার বেস্ট। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে এই ব্যক্তি হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টার সময় তাকে আগে থেকেই মার্কিন সিক্রেট সার্ভিস গ্রেপ্তার করেছিল।



