Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

এ নিয়ে মোট আটটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে সরকারি পাঁচটি এবং বেসরকারি তিনটি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৪:২১ পিএম

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সমস্যায় জর্জরিত রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। সিটি ব্যাংক বেসরকারি খাতের “ভালো ব্যাংকে”র তালিকায় রয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের এই একীভূতকরণ হচ্ছে স্বেচ্ছায়। এ নিয়ে বেসরকারি খাতের দ্বিতীয় ব্যাংক হিসেবে আরেকটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক।

জানা গেছে, সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

এর আগে, বেসিক ব্যাংককে একীভূত করার জন্য গত ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে পরামর্শ দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে আলোচনায় বসে সিটি ও বেসিক ব্যাংকের পর্ষদ। ব্যাংক দুটির কমকর্তারা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। একীভূত হলেও আগামী তিন বছর পৃথক আর্থিক প্রতিবেদন করবে তারা।

এ বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, স্বতঃপ্রণোদিত একত্রীকরণ নীতিমালার আওতায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের নীতি সহায়তা বাধ্যতামূলক একত্রীকরণ থেকে অনেক বেশি, তাই সবল ব্যাংক হিসেবে কোন দুর্বল ব্যাংককে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করা যায়, তা আমরা খতিয়ে দেখছি। সিটি নিজেই ২০০৭ সালে একটা প্রবলেম ব্যাংক ছিল। আজ আমরা দেশসেরা স্থানীয় ব্যাংক। আমরা ব্যাংক পুনর্গঠনে অভিজ্ঞ। ব্যালান্স শিট একত্রীকরণে তিন বছর সময় পাওয়া যাবে। এই তিনটা বছর ভালোভাবে কাটলে আমি আশাবাদী, সময় আরও বাড়বে। আমরা যেন আরও সবল ও বড় ব্যাংক হয়ে উঠি এবং আর্থিক খাতের সংকটেও পাশে দাঁড়াতে পারি, এমন অবস্থান থেকেই ব্যাংক পুনর্গঠনে দক্ষ হিসেবে দুর্বল ব্যাংকগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ চলছে-এর বেশি কিছু বলতে পারছি না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের আলোচনা হচ্ছে। একীভূত হওয়া নিয়েও অনেকের সঙ্গে আলোচনা হচ্ছে; চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে আমরা জানাব।

এ নিয়ে মোট আটটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে সরকারি পাঁচটি এবং বেসরকারি তিনটি। গত মার্চে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি করে পদ্মা ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংক একীভূতকরণের ধারা শুরু হয়। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংকের সঙ্গে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

   

About

Popular Links

x