বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব, কত বছর! সেটা আগে জিজ্ঞেস করেন।”
শুক্রবার (৩১ মে) বেলা পৌনে ১২টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সারাদেশে অসংখ্য বেনজীর আহমেদ ও আজিজ আহমেদ সৃষ্টি করেছে, তাদের খুঁজে বের করতে নিজস্ব তদন্ত কমিটি গঠন করার কথা বলেছে বিএনপি, এটি তারা করতে পারে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “লিস্ট করলে তো প্রথমে বিএনপি নেতাদের নাম লিখতে হবে। কারণ দুর্নীতি-লুটপাটের শিরোমণি তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে। তারপরে অন্য লিস্ট দেখা যাবে।”
আজিজ-বেনজীরের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না- বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির গঠনতন্ত্র পড়েছেন? মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন? আগামী বছর, এই ডিসেম্বরের পরের ডিসেম্বরে আমার টার্ম শেষ। সম্মেলন হবে যথাসময়ে। মির্জা ফখরুল কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব? একটা দল, তারা নিজেদের ঘরেই গণতন্ত্রের চর্চা করে না। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে?”
তিনি বলেন, “মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর, সেটা আগে জিজ্ঞেস করুন।”
বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা উচিত কি-না জানতে চাইলে তিনি বলেন, “এটার তো প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ায় দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে, তারপর আদালত ঠিক করবে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। বিচারব্যবস্থার প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। আমরা সরকার কী আদেশ দিব?”
অনেক গণমাধ্যম জানাচ্ছে বেনজীর সপরিবার দেশত্যাগ করেছেন, তার আগেই গ্রেপ্তার করা উচিত ছিল কি-না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আমি এটা জানি না, এটা এখনও পরিষ্কার না।”



শাহজালালে থার্ড টার্মিনালের ৯৭% কাজ শেষ