জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর “পুনর্জন্ম” নাটকের কথা নিশ্চয়ই মনে আছে? চার পর্বের এই নাটক ভীষণ সাড়া ফেলেছিল।
ভিকি জাহেদের পরিচালনায় যেখানে মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা চার পর্বের এ নাটক সব শ্রেণীর দর্শকের মন জয় করে নেয়।
“পুনর্জন্ম ২”, “পুনর্জন্ম ৩” এবং “পুনর্জন্ম” এর অন্তিম পর্বের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পরপর তিন বছর মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন আফরান নিশো।
গত বছর কোরবানির ঈদে পুর্নজন্ম অন্তিম পর্ব প্রকাশের পর আলোচিত রাফসান হক চরিত্রের শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল।
কিন্তু একবছর না যেতেই আফরান ভক্তদের সামনে ফের রাফসান হককে ফিরিয়ে আনার ইঙ্গিত মিলল ভিকি জাহেদের নতুন এক নাটকে।
এবার কোরবানির ইদে “হাজত” নামে একটি নাটক বানিয়েছেন জনপ্রিয় এই নির্মাতা। যেখানে ইকবাল হক নামের এক সিরিয়াল কিলারকে দেখানো হয়েছে। ইকবাল হক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
এই নাটকের শেষ দিকে সিরিয়াল কিলার ইকবাল হকের এক ছেলের জন্ম হয়েছে। যে ছেলের নাম তিনি রেখেছেন রাফসান হক।
ফলে খুব সহজেই ধরে নেওয়া যাচ্ছে এই রাফসান হকই পূর্নজন্ম নাটকের সেই আলোচিত শেফ।
“হাজত” নাটকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে ইকবাল হকের সিরিয়াল কিলিং ধরা পড়ার নতুন পর্ব সামনে আসছে।
সেইসঙ্গে অনেকেই ধারণা করছেন, ইকবাল হকের ছেলে রাফসান হকের বেড়ে ওঠা এবং তারও সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প নিয়ে সামনে হাজির হতে পারেন ভিকি জাহেদ। আর সেটি হলে আফরান ভক্তদের সামনে নতুন করে এই জনপ্রিয় অভিনেতার দেখা মিলবে।
তবে আদৌ সেরকম কিছু ঘটবে কি-না, সেটি জানার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। কারণ, এ ব্যাপারে নির্মাতা ভিকি জাহেদ কোনো কিছুই খোলাসা করেননি।



