অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে কিরণ রাও পরিচালিত সিনেমা “লাপাতা লেডিস”। সোমবার (২৩ সেপ্টেম্বর) “ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া”-এ বিবৃতিতে এই খবর জানিয়েছে।
অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান ও কিরণ রাও প্রযোজিত “লাপাতা লেডিস” সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।
“লাপাতা লেডিস” যে অস্কারে দেশের প্রতিনিধিত্ব করতে পারে, তা নিয়ে সম্প্রতি আশা প্রকাশ করেছিলেন কিরণ। সোমবার সুখবর পাওয়ার পর তিনি বলেন, “ছবিটি অস্কারের জন্য নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। এই সম্মান আমাদের গোটা দলের নিরলস পরিশ্রমের ফলাফল। আশা করি, ভারতের মতোই একই ভাবে সারা বিশ্বের দর্শকের মনে ছবিটি জায়গা করে নেবে।”
গত মার্চে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ছবি “লাপতা লেডিস”। ছবিটি দর্শক ও সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছে। এই ছবির প্রেক্ষাপট নারী ক্ষমতায়ন। ছবিটির চিত্রনাট্যকার পশ্চিমবাংলার বিপ্লব গোস্বামী।
“লাপাতা লেডিস” ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের ২ নারীর এক হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। ছবিটি প্রযোজনা করেছে রাওয়ের কিন্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশন।
এই বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগরওয়াল শর্মার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবাস্তব।
কোন কোন সিনেমা ছিল দৌড়ে
২০২৫ সালে অস্কার-দৌড়ে নাম লিখিয়েছিল ২৯টি ছবি। প্রতিযোগীদের মধ্যে ছিল “অ্যানিম্যাল”, “শ্রীকান্ত”, তামিল ছবি “বাজ হাই”, মালয়ালম ছবি “অট্টম” এবং চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জয়ী “অল উই ইমাজিন অ্যাজ লাইট”।



