Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৯ বছরের দাম্পত্যে ইতি এ আর রহমান-সায়রা বানুর

সায়রা বানুর আইনজীবী জানিয়েছেন, বিচ্ছেদের কারণ দীর্ঘদিনের তিক্ততা

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী।

সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ বলেন, দীর্ঘ বছর বিবাহিত জীবন কাটানোর পর সায়রা ও তার স্বামী এ আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের টানাপোড়েনের পর তাদের এই সিদ্ধান্ত।

আইনজীবী আরও বলেন, দু’জনই অনেকদিন ধরে এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করেছেন। খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভেবেচিন্তেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আইনজীবী অনুরোধ করেছেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ, দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ নয়।

এদিকে, অস্কারজয়ী সঙ্গীতশিল্পীর আশা ছিল একসঙ্গে বিয়ের তিরিশতম বছর উদযাপন করবেন। কিন্তু তা আর হলো না।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেদনাদায়ক পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের খবর জানান এ আর রহমান। এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন।

বিবৃতিতে লেখা হয়, আশা করেছিলাম যে আমরা ৩০ বছর পূর্ণ করব। তবে সব কিছুরই একটা শেষ আছে। এমনকী এই ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। বন্ধুরা, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।

সায়রা বানু এবং এ আর রহমান ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। তাদের তিন সন্তান। দুই মেয়ে খাতিজা, রহিমা ও ছেলে আমিন। মেয়ে খাতিজা বিবাহিত।

 

   

About

Popular Links

x