দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। এই দম্পত্তির বিচ্ছেদের ঘোষণা আসার পরে আরও এক বিচ্ছেদের খবর সামনে আসলো। এ আর রহমানের সহযোগী বাঙালি মেয়ে মোহিনী দে তার সুরকার স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এর পরেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন অনেকে। অনেকেই এ আর রহমানের বিচ্ছেদের জন্য আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাদের ধারণা এই বঙ্গললনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এই বিচ্ছেদ নিয়ে এআর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। কিন্তু সায়রা অপারগ। তাদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা, এই নিয়ে ইতোমধ্যেই নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। তবে সেই সব কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। এর পর স্পষ্ট ভাষায় তিনি জানান, তাদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।
তাদের আইনজীবীর কথায়, “সায়রা এবং মিস্টার রহমান নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা প্রতিটা বিয়ে ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়। তারা মর্যাদাপূর্ণ ভাবে এই বিয়ে শেষ করছেন। রহমান আর সায়রা সব সময় একে অপরকে সম্মান করবেন, এবং মঙ্গল কামনা করবেন।”



বিয়ে করতে সায়রাকে যে শর্ত দিয়েছিলেন এ আর রহমান