ব্যালন ডি’অর দৌড়ে ভিনি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে ওঠে। আনুষ্ঠানিক ঘোষণা আসার পূর্বেই চারদিকে খবর ছড়িয়ে পড়ে যে রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনির হাতে ওঠছে না এবারের ব্যালন ডি’অর। তার অপ্রাপ্তিতে আয়োজন বর্জন করেছিল রিয়াল মাদ্রিদ।
এবার কাতারে ফিফা বর্ষসেরা পুরস্কার “ফিফা দ্যা বেস্ট ২০২৪” এর আয়োজন করা হয়েছে। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে এর নাম ঘোষণা করা হবে। এ তালিকাতেও বর্ষসেরা ফুটবলারদের দৌড়ে এগিয়ে রয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে এখানেও তার প্রতিদ্বন্দ্বী সেই রদ্রি। ভিনিসিয়াস ও রদ্রি ছাড়াও এ তালিকায় রয়েছেন ফুটবল জগতের আরও ৯ তারকা। তবে এ তালিকায় সবচেয়ে বিস্ময়ের নাম হলো আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
এছাড়াও এ তালিকায় রয়েছে রিয়ালের আরও ৬ খেলোয়াড়- জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আছেন ম্যান সিটির হলান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ ও বার্সেলোনার লামিন ইয়ামাল।

এছাড়াও ফিফা ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে বর্ষসেরা নারী খেলোয়াড়, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকবে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কারগুলো।
ফিফা প্রকাশিত বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানসিটির পেপ গার্দিওলা ও লেভারকুসেনের জাবি আলোনসো।



