Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘গরু চুরি করে’ ভূরিভোজের আয়োজন করা বিএনপি নেতাকে বহিষ্কার

দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম

গরু চুরি করে ভূরিভোজের আয়োজন করায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির নেতা মাহমুদুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত মাহমুদুল হাসান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে গরু চুরি করিয়ে ভূরিভোজের আয়োজন করার অভিযোগে শনিবার রাতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর সোমবার দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কারের বিষয়টি জানা গেল।

গরু চুরির ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ৬নং আদারিভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিক লায়লা খাতুন ইতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান গণমাধ্যমকে বলেন, “দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। একই সঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেটি আগামী ৭ দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন যেহেতু তাকে কেন্দ্র থেকেই বহিষ্কার করা হয়েছে, তাই এই প্রক্রিয়ার আর কোনো প্রয়োজন নেই।”

জানা যায়, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভূরিভোজনের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি।

এদিকে, শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। এফাজ উদ্দিনসহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে শনিবার ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়ড়া গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান। পরে সেখানে গিয়ে মালিক এফাজ উদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ কসাইকে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ উদ্দিন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমন মিয়া ও কসাই বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি কৌশলে পালিয়ে যান। পরে দলীয় কর্মী-সমর্থকদের ভুরিভোজনের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা ভাগাভাগি করে নিয়ে যান।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল-মামুন জানান, গরু চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x