Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হুমকির অভিযোগ, স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব

শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

হুমকির অভিযোগে স্থগিত হলো “ঢাকা মহানগর নাট্য উৎসব”। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান। তিনি বলেছেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে, সকলের নিরাপত্তার কথা ভেবে প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।”

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। উৎসবের ৩টি পর্যায়ে ১টি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল ৮৫টি নাট্যদলের।

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর এক প্রতিবেদনে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেয় তারা।

এ বিষয়ে উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ সংবাদমাধ্যম বিডিনিউজকে বলেন, “শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসির সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি।”

পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল কি-না, এমন প্রশ্নের জবাবে কামাল আহমেদ বলেন, “মিলনায়তনে আমরা যে নাটকের প্রদর্শনী করি, তার জন্য তো পুলিশের অনুমতি নেওয়া হয় না। এখানে তো বিদেশি নাট্যদলের অংশগ্রহণও নাই। যে দলের নাটকের শো হবে, তারা তো নিয়মিতই নাটকের প্রদর্শনী করছে। এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না।”

আয়োজকরা জানিয়েছেন, থানার ওই বৈঠকের খবর পেয়ে “উত্তেজিত কিছু লোক” এসে মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে।

কারা এই হুমকি দিয়েছে- এমন প্রশ্নের জবাবে উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল বলেন, “বিগত দিনেও একটি নাট্যদলের নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শো-এর মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে নাট্যকর্মীরা যখন সমাবেশ করছিল; তখন নাট্যজন মামুনুর রশীদসহ উপস্থিত নাট্যকর্মীদের উপর যারা হামলা করেছিল, আজকের ঘটনা তারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করি।”

মহিলা সমিতির দায়িত্বশীল একজন সংবাদমাধ্যমটিকে বলেন, “এই উৎসবকে ঘিরে মহিলা সমিতিতে হামলা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এজন্য আমরা আয়োজকদের পরিস্থিতি জানিয়েছি। তারা উৎসব স্থগিত করেছেন।”

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক শনিবার দুপুর সোয়া ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মিটিং এ আছি। পরে কথা বলব।” পরে বিকেল পৌনে ৪টায় ফোন করা হলে তিনি আর সাড়া দেননি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিষয়ে আমার কিছু জানা নাই।”

   

About

Popular Links

x