দেশের জনপ্রিয় নাট্য ও অভিনয় শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘ' এবং রাজধানীর 'ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল'-এর মধ্যে এক দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সকল সম্মানিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে সার্বিক চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি তারা এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের জরুরি চিকিৎসা সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের পক্ষে সভাপতি আজাদ আবুল কালাম যৌথভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
দ্বিপাক্ষিক এই চুক্তিপত্রে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আরও স্বাক্ষর করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং আইন বিষয়ক সম্পাদক সূচনা সিকদার।
চুক্তি স্বাক্ষর শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে দেশের অভিনয় শিল্পীরা ও তাদের পরিবারের সদস্যরা সার্বক্ষণিক মানসম্মত ও বিশেষ সুবিধাসম্পন্ন চিকিৎসা সেবা সহজে লাভ করতে পারবেন।



