Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

নতুন কমিটি থেকে পদত্যাগ করা প্রায় ৩০ জনসহ একাংশের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সোমবার রাতে ঘোষণা করা চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন নতুন তিন কমিটি থেকে পদত্যাগ করা প্রায় ৩০ জনসহ একাংশের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে নগরের লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

এর আগে, বেলা সোয়া একটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জামালখান, আসকার দীঘির পাড় ও কাজীর দেউড়ি হয়ে টাইগারপাস মোড়ের দিকে যান শিক্ষার্থীরা। এরপর সিডিএ অ্যাভিনিউ সড়কের টাইগারপাসমুখী সড়কের ওপর বসে পড়েন।

অবরোধকারীরা জানিয়েছেন, কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। জানা গেছে, সড়কের এক পাশ অবরোধ করা হয়েছে। তবে অন্য পাশ দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে। ফলে লালখান বাজারসহ আশপাশের এলাকাগুলোয় যানজট দেখা দিয়েছে।

এর আগে তারা চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কমিটিতে সম্মুখযোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে নারী হেনস্তা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে, তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি। নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলন তারা জানান, নতুন তিন কমিটি থেকে ৫০ থেকে ১০০ জন পদত্যাগ করছেন। তবে সংবাদ সম্মেলনে কমিটিতে থাকা প্রায় ৩০ জনের মতো উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা জোবায়রুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা চৌধুরী সিয়াম ইলাহি ও সংগঠক আবু বাছির নাঈম।

চৌধুরী সিয়াম ইলাহি বলেন, “তিন কমিটি আজ (মঙ্গলবার) বেলা তিনটার মধ্যে বাতিল করা না হলে প্রয়োজনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

এরও আগে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। তিন কমিটিতে মোট ৭৫৪ জনের নাম রয়েছে।

এদিকে, নতুন তিন কমিটির কিছু নেতা-কর্মীর প্রতিবাদ কর্মসূচির মধ্যেই আজ বিকেল চারটায় নগরের বিপ্লব উদ্যানে গণপদযাত্রা কর্মসূচি রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি দেয় সংগঠনটির মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি।

   

About

Popular Links

x