Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো রেকর্ড ৩১ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে ৩৫৫ কোটি ডলার

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৫:৫৫ পিএম

চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারি মাসে। এ মাসের পুরো সময়ে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩১ হাজার কোটি টাকার বেশি।

রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হালনাগাদ তথ্যে জানানো হয়, ফেব্রুয়ারির পুরো সময়ে ২৫২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। আগের মাস জানুয়ারিতে এসেছিল প্রায় ২১৯ কোটি ডলার। আর গত বছরের ফেব্রুয়ারিতে এসেছিল ২০২ কোটি ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৪ কোটি ডলার। আর গত বছরের একই সময়ের চেয়ে (ফেব্রুয়ারি ২০২৪) রেমিট্যান্স বেড়েছে ৫০ কোটি ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৮ মাসে রেমিট্যান্স এসেছে ১,৮৪৯ কোটি ডলার। গত ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ৮ মাসে এসেছিল ১,৪৯৪ কোটি ডলারের রেমিট্যান্স। সে হিসাবে গত অর্থবছরের প্রথম ৮ মাসের চেয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৫৫ কোটি ডলার।

এর আগে, গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে দেশে। আর এ নিয়ে অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা ৮ মাস দুই বিলিয়ন ডলার অতিক্রম করবে রেমিট্যান্স আসার পরিমাণ।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

   

About

Popular Links

x