Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লালমাটিয়ায় তরুণীকে মারধরের প্রতিবাদ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

তরুণীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভের পর স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম

লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের জের ধরে অবিলম্বে উপদেষ্টার অপসারণ দাবি করেছেন বিক্ষোভকারীরা।

সোমবার (৩ মার্চ) রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের পেছনে লালমাটিয়া বি ব্লক এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে সোমবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই করার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করে বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ”।

পরে তারা মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুত্তলিকা দাহ করেন।

আড়ংয়ের পেছনের সড়ক থেকে মিছিলটি লালমাটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “মবের বিরুদ্ধে, আগুন জ্বালাও এক সাথে”, “অবিলম্বে জাহাঙ্গীরকে, পদত্যাগ করতে হবে”, “বাধা আসবে যেখানে, লড়াই হবে” ইত্যাদি স্লোগান দেন নারীরা।

অনেকের হাতে “স্লাটশেমিং বন্ধ করতে হবে”, “বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি”, “আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার”, “নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়?” ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

উল্লেখ্য, শনিবার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনার পর সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুঁড়ে মেরেছিল।”

তিনি বলেন, “পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।”

   

About

Popular Links

x