সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, কমিটির অন্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম সরকার। সহকারী প্রক্টর শারমীন কবির কমিটির সদস্যসচিব হিসেবে আর ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলী সাচিবিক দায়িত্ব পালন করবেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে রাজধানী ঢাকার রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।”
শাহবাগ থানার ওসি জানান, গ্রেপ্তার তিনজন পেশায় ভাসমান হকার। তারা রাতে মদ-গাঁজা খায়, নেশা করে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ আলম জানিয়েছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বহিরাগত। গ্রেপ্তাররা হলেন তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।
জানা গেছে, নিহতের বড় ভাই শরীফুল ইসলাম বুধবার (১৪ মে) সকালে শাহবাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি একটি মামলা দায়ের করছেন।



মোটরসাইকেলে ধাক্কা লাগায় বাগ্বিতণ্ডা, ঢাবি ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা