Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার

‘ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের প্রধান ফটকের সামনে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জাতীয়তাবাদী যুবদল তাদের দুই নেতাকে আজীবন বহিষ্কার করেছে।

শুক্রবার (১১ জুলাই) তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- যুবদলের সাবেক জলবায়ু বিষয়ক সহকারী সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।

এক বিবৃতিতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, “গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।”

“ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন” বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের “শৈথিল্য” না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল।

   

About

Popular Links

x